মুন্সিগঞ্জের গজারিয়ায় বিএনপির কার্যালয়ে তালা ঝুলিয়েছে পুলিশ। ২৮ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভা উপলক্ষে বুধবার প্রস্তুতি সভা এভাবে পণ্ড করে দেয় প্রশাসন।
গজারিয়া বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুল্লাহ ফরিদ জানান, সকাল সাড়ে ১০ টায় গজারিয়া উপজেলার সোনালী মার্কেট এলাকায় দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে এই প্রস্তুতি সভা শুরু করা হয়। প্রস্তুতি সভার  খবর পেয়ে সকাল ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত পুলিশ সেখানে অবস্থান নেয়। এ সময় শতাধিক নেতাকর্মীকে  পুলিশ তাদের কার্যালয় থেকে বের করে দিলে সভা পন্ড হয়ে যায়। দূর-দূরান্ত থেকে আসা নেতাকর্মীদের কার্যালয়ে প্রবেশ করতে দেয়নি পুলিশ।
নেতা কর্মীদের উপস্থিতি বেশি দেখতে পেয়ে পুলিশ ঈমামপুর ইউনিয়র বিএনপির কার্যালয়েও তালা ঝুলিয়ে দিয়েছে।
সাবেক উপমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই বলেন, ২৮ মে খালেদা জিয়ার জনসভা পুলিশ দিয়ে বন্ধ করা যাবে না। পুলিশ ও প্রশাসন বাড়াবাড়ি করলে দলীয় নেতাকর্মীরা জবাব দেবে।  
গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই ফজলুল রহমান বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সভা করতে দেয়নি পুলিশ। খালেদা জিয়ার জনসভা উপলক্ষে প্রস্তুতি সভা করার অনুমতি নেয়নি বিএনপির নেতৃবৃন্দ। প্রশাসনের অনুমতি ছাড়া কোথাও কোনো সভা করা যাবে না।
সারাদেশে অপহরণ, গুম ও বিচার বহির্ভুত হত্যাকাণ্ডের প্রতিবাদে জেলা শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় বিএনপির চেয়ারপারসপনের জনসভা করার কথা রয়েছে।
[b]ঢাকা, ২১ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]