শাজাহান খান বলেন, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য বিএনপি বিশ্বের ঘৃণিত গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে হাত মিলিয়েছে খালেদা।
বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরের ওয়্যারহাউজে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ভারত-বাংলাদেশ নৌ-প্রটোকল (পিআইডব্লিউটিটি) এর আওতায় ট্রান্সশিপমেন্ট কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপি-জামায়াত দেশের সাধারণ মানুষকে হত্যা করছে। আর খালেদা জিয়া এসব হত্যাকাণ্ডের দায় আওয়ামী লীগের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। তাই আমাদের সবার সাবধান থাকতে হবে।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোকমাধব রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান, ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা, জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।

আলোচনা শেষে নৌবন্দরের ফেরিঘাটে অতিথিদের সঙ্গে নিয়ে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান ফিতা কেটে ট্রান্সশিপমেন্ট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে বুধবার বিকেলে ট্রান্সশিপমেন্ট চুক্তির আওতায় ভারতীয় ১ হাজার মেট্রিকটন লৌহজাত পণ্যবাহী এমভি নিউটেক-৬ জাহাজটি আশুগঞ্জ নৌবন্দরে নোঙর করে।
সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার থেকেই প্রথমবারের মতো মাশুল দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর ব্যবহার করে আখাউড়া স্থলবন্দর দিয়ে খোলা ট্রাকে করে ট্রান্সশিপমেন্টের এ পণ্য পরিবহন শুরু হবে।
ভারতীয় পণ্য পরিবহনের দায়িত্বে রয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান আনবিজ ডেভেলপমেন্ট লিমিটেড। এর আগে বিশেষ মানবিক দিক বিবেচনা করে ট্রানজিট সুবিধার মাধ্যমে বিনা মাশুলে দু’দফায় আশুগঞ্জ নৌ-বন্দর ব্যবহার করে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরায় বিভিন্ন পণ্য পরিবহন করা হয়।
এমআর





