বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘আমরা যদি একবার সাহস করে রাস্তায় নামি তাহলে খালেদা জিয়ার নেতৃত্বে লাখো মানুষের ঢল নামবে। ফলে সরকার বিদায় নিতে বাধ্য হবে।’ তিনি এ সময় নেতাকর্মীদের একবার সাহস করে রাস্তায় নামার আহ্বান জানান।

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে শুক্রবার দুপুরে এক প্রবাসী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সকল ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে এ সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রত্যাগত প্রবাসী দল।

মাহবুব হোসেন বলেন, ‘সেমিনার, সভা-সমাবেশ করে কোনো লাভ হবে না। সরকারকে বিদায় করার একমাত্র পথ ঐক্যবদ্ধ আন্দোলন।’

এ সময় গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফেরাতে নেতাকর্মীদের বুলেট উপেক্ষা করে, সাহস করে একবার রাস্তায় নামার আহ্বান জানান তিনি।

খালেদা জিয়ার মামলা প্রসঙ্গে খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘একজন আইনজীবী হিসেবে আমি বিএনপি চেয়ারপারসনের মামলা প্রত্যাহার চাই না, বিচারের সম্মুখীন হতে চাই।’

তিনি বলেন, ‘সরকার মামলা-হামলা করে বিএনপিকে ধ্বংস করে দিতে চায়। সারা দেশে আমাদের ৫০ লাখ রাজনৈতিক নেতাকর্মী সরকারের জুলুমের মধ্যে রয়েছেন। মিথ্যা মামলায় দিনের পর দিন আদালতে হাজিরা দিচ্ছেন, তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। এ অবস্থায় দেশ চলতে পারে না।’

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন,‘দলীয় প্রতীকে ইউপি নির্বাচন সরকারের ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত। স্থানীয় সরকারের এ নির্বাচনের মধ্য দিয়ে সরকার বিশ্ববাসীকে ধোকা দিতে চায়। তারা বিশ্ববাসীকে দেখাতে চায়, নৌকা ও ধানের শীষ প্রতীকে নির্বাচন হচ্ছে। নির্বাচনের ফলাফলে নৌকার জয়-জয়কার হয়েছে।’

জাতীয়তাবাদী প্রত্যাগত প্রবাসী দলের সভাপতি এস এম সোহরাব হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন— বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খান, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ।

এমএম