মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতারা যেভাবে রোহিঙ্গা সমস্যা নিয়ে রাজনীতি করা শুরু করেছেন তাতে মনে হয় না রোহিঙ্গারা দেশে ফিরে যাক এটা তারা চান। বললেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শুক্রবার সকালে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনে জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এ সময় হাছান মাহমুদ আরও বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধান করার জন্য বাংলাদেশ যে পথে হাঁটছে সেটিই সঠিক পথ। কোনও যুদ্ধ-বিগ্রহের মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান করা যাবে না। বাংলাদেশ কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান করবে।
অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবুর রহমানসহ পুলিশ কর্মকর্তারা বক্তব্য রাখেন।
এমআর





