সরকার বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও নিপীড়ন এখনো অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এরই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়াকে বেআইনিভাবে ও একটি মিথ্যা মামলায় কারাগারে আটকে রেখেছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এদিন মির্জা ফখরুল রামু সীমা মহাবিহার সংলগ্ন মেরংলোয়া মাঠে একুশে পদকপ্রাপ্ত বৌদ্ধ ধর্মীয় গুরু উপ-সংঘরাজ পণ্ডিত সত্যপ্রিয় মহাথেরর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দেন।
বিএনপি চেয়ারপারসনের জামিন বাতিল হওয়া নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে মির্জা ফখরুল বলেন, “মিথ্যা মামলায় কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া প্রয়োজন।”
বিএনপি মহাসচিব বলেন, “তিনি এখন হাঁটতে পারেন না, দাঁড়াতে পারেন না। এজন্য বিএনপির পক্ষ থেকে আদালতে তার জামিন চাওয়া হয়েছে। আদালত খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করাতে জনগণ আশাহত ও ক্ষুব্ধ হয়েছে।”
মির্জা ফখরুল বলেন, “বিএনপি একটি গণতান্ত্রিক দল। তাই আমরা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। সরকার বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও নিপীড়ন এখনো অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়াকে বেআইনিভাবে ও একটি মিথ্যা মামলায় কারাগারে আটকে রেখেছে।”
সরকার দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
ভারতে কয়েক দিন ধরে চলা সহিংসতা নিয়ে বিএনপি মহাসচিব বলেন, “ভারতের দাঙ্গা আমাদের দেশে আঞ্চলিক শান্তি, সৌহার্দ্য ও সহযোগিতার জন্য অন্তরায় হয়ে দাঁড়াবে। আমরা আশা করি ভারত তার দেশের জনগণের কথা চিন্তা করে এনআরসি সমস্যা সমাধান করবে।”
এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য আমির খসরু, চেয়ারপারসনের উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া, সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল প্রমুখ।
এমবি





