আওয়ামী লীগের পক্ষ থেকে দলটির ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী লীগ যাত্রা শুরু করেছিল।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার রাতে কর্মসূচি ঘোষণা করা হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী ২৩ জুন বৃহস্পতিবার সূর্য উদয়ের ক্ষণে কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি শুরু হবে।
সকাল সাড়ে ৮টায় ধানমণ্ডির বঙ্গবন্ধু ভবনে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, সকাল পৌনে ৯টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, পায়রা উন্মুক্ত ও বেলুন উড়িয়ে সকালে কর্মসূচির সমাপ্তি হবে।
ঐ দিন বেলা আড়াইটায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনা সভায় জাতীয় নেতৃবৃন্দ ও দেশের বরেণ্য ব্যক্তিবর্গও অংশ নেবেন।
১৯৪৯ সালে ২৩ জুন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অনুসারীর মধ্যে মওলানা আবদুল হামিদ খান ভাসানী, শামসুল হক, শেখ মুজিবুর রহমান প্রমুখের নেতৃত্বে পূর্ব বাংলার জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করে। যদিও প্রতিষ্ঠাকালীন সময় সংগঠনের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। দলের দ্বিতীয় কাউন্সিলে শুধু ‘আওয়ামী লীগ’ নাম ধারন করে।
১৯৫৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে যুক্তফ্রন্ট পূর্ব পাকিস্তানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছিল। ১৯৬৬ সালের ৬-দফার আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর চতুর্থবারের মতো রাষ্ট্রক্ষমতায় রয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার।
এমআইএস





