জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান বলেছেন, 'প্রধানমন্ত্রী পুলিশকে জনগণের আস্থা অর্জন করতে বলেছেন। অথচ পুলিশকে দলীয় ক্যাডারের মত ব্যবহার করার কারণে পুলিশ জনগণের আস্থা অর্জন করা তো দূরে থাক, জনগণ পুলিশকে দেখে গ্রেফতারের ভয়ে চরমভাবে আঁতকে ওঠে।'

বৃহস্পতিবার জামায়াতের প্রচার বিভাগ থেকে এম আলম স্বাক্ষরীত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এক এসব কথা বলা হয়।

ডা. শফিকুর রহমান বলেন, 'রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীতে বিসিএস (পুলিশ) ক্যাডারের নিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী পুলিশকে জনগণের আস্থা অর্জন করতে বলেছেন। অথচ সরকার পুলিশকে দলীয় ক্যাডারের মত ব্যবহার করার কারণে পুলিশ জনগণের আস্থা অর্জন করা তো দূরে থাক, জনগণ পুলিশকে দেখে গ্রেফতারের ভয়ে চরমভাবে আঁতকে ওঠে।

অনেক দিন ধরে আমরা পুলিশকে জনগণের আস্থা অর্জনের কথা বলে আসছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী পুলিশকে জনগণের আস্থা অর্জন করার তাগিদ দিয়ে প্রমাণ করলেন যে, আমরা সঠিক কথা বলেছি। পুলিশ নিরপরাধ লোকদের গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নিয়ে জুলুম-নির্যাতন চালাচ্ছে।'

তিনি আরো বলেন, 'এ জন্য বর্তমান সরকারই দায়ী। নিজেদের ক্ষমতাকে অবৈধভাবে টিকিয়ে রাখার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের প্রতিপক্ষ হিসেবে ব্যবহার করার কারণেই এ দুরবস্থার সৃষ্টি হয়েছে।'

এআই