গণবিরোধী জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোট আয়োজিত প্রতিবাদ সমাবেশ অল্প কিছুক্ষণ পরেই শুরু হবে।
সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ২০ দলীয় জোটের নেতাকর্মীদের ঢল নামে।
সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
এরইমধ্যে মঞ্চে ২০ দলীয় জোটের নেতৃবৃন্দের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, জামায়াতের ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ সেলিম উদ্দীন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য কবির আহমেদ, বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, লেবারপার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামিক পার্টির চেয়ারম্যান আব্দুল মবিন, ন্যাপের সভাপতি জেবেল রহমান গানি প্রমুখ উপস্থিত হয়েছেন।
এদিকে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরুর আগেই ২০ দলীয় জোটের হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন। তবে সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাহিত্য সম্পাদক ইয়াছিন আরাফাতের নেতৃত্বে আসা মিছিলটি সবারই দৃষ্টি আকর্ষণ করে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, মহানগর উত্তর, দক্ষিণ, পুর্ব-পশ্চিম শাখার নেতাকর্মীরা অংশ নেন।
ঢাকা, এমএইচ, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম





