সাম্প্রতিক হত্যাকাণ্ড নিয়ে বিএনপি-জামায়াতকে জড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিচ্ছেন তা দেশি-বিদেশি কেউ বিশ্বাস করে না বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এ মন্তব্য করেন।

বিবৃতিতে অধ্যাপক মুজিব বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের মধ্যে সত্যের লেশমাত্রও নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামী হত্যা ও সন্ত্রাসের নোংরা রাজনীতিকে ঘৃণা করে থাকে। তাই সাম্প্রতিক সংঘটিত কোনো হত্যাকাণ্ডের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই। কোনো হত্যাকাণ্ডে জামায়াতের জড়িত থাকা বা মদদ দানের প্রশ্নই আসে না। প্রধানমন্ত্রীর অসত্য বক্তব্যের জবাবে আমি স্পষ্টভাষায় জানাতে চাই যে, দেশের জনগণের জানমালের নিরাপত্তা বিধান করা সরকারের প্রধানতম দায়িত্ব। এ দায়িত্ব পালনে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। প্রধানমন্ত্রী জামায়াতকে দায়ী করে অসত্য বক্তব্য দিয়ে উদোরপিন্ডি বুদোর ঘাড়ে চাপানোর অপচেষ্টা চালাচ্ছেন। সাম্প্রতিক সংঘটিত হত্যাকা-ের জন্য তিনি জামায়াতকে দায়ী করে যে হাস্যকর অসত্য বক্তব্য দিয়ে যাচ্ছেন তা দেশি-বিদেশি কেউই বিশ্বাস করে না।

তিনি বলেন, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, কোনো ঘটনা ঘটলেই তার জন্য জামায়াতে ইসলামীকে দায়ী করে অসত্য বক্তব্য দেয়া সরকারের স্বভাবে পরিণত হয়েছে। আমরা সরকারের অসত্য বক্তব্যের বার বার প্রতিবাদ করা সত্ত্বেও তারা একই অসত্য বক্তব্য বার বার দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। এতে প্রকৃত অপরাধীরা আড়ালেই থেকে যাচ্ছে এবং একের পর এক হত্যাকান্ড ঘটিয়েই চলেছে। কাজেই জামায়াতে ইসলামীকে দায়ী করে অসত্য বক্তব্য দেয়া থেকে বিরত থাকার জন্য আমি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি।

এমআইএস