দেশের প্রতিটি মানুষ বসবাসের জন্য বাড়ি পাবে। একটি মানুষও বাড়ি ছাড়া থাকবে না বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীতে সরকারি কর্মচারীদের জন্য নির্মিত ২০ তলা বিশিষ্ট চারটি বহুতল আবাসিক ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
শনিবার সকালে মতিঝিল কলোনিতে গিয়ে ভবনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, শুধু সরকারি কর্মচারী-কর্মকর্তা নয়, বেসরকারিভাবেও মানুষ যেন কিস্তিতে ফ্ল্যাট নিতে পারে আমাদের সরকার সে ব্যবস্থাও করছে।
আমাদের সরকারের লক্ষ্য হচ্ছে উন্নয়ন। রাজধানীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৯ হাজার ৭০২টি ফ্ল্যাট নির্মাণ করার জন্য প্রকল্প হাতে নেয়া হয়েছে। পর্যায়ক্রমে এসব ফ্লাট নির্মাণ করে আবাসন সমস্যার সমাধান করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিকল্পনা ছিল সকল মানুষের জন্য গৃহনির্মাণ নিশ্চিত করা। তিনি বাস্তবায়ন করতে পারেনি। আমরা তার স্বপ্ন বাস্তবায়ন করছি। নিঃস্ব, ভূমিহীন এবং যাদের ভূমি আছে তাদের বাড়ি করে দেয়া হবে।
তিনি আরো বলেন, আমরা সকলের বেতন ১২৩ ভাগ বৃদ্ধি করেছি। তাদের পদ-পদবিও পরিবর্তন করে দিয়েছি।
প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন করা এসব ভবনে ৫৩২টি ফ্লাট রয়েছে হয়েছে। ভবনগুলোতে ৫৩২ জন কর্মচারী তাদের পরিবার নিয়ে থাকার সুযোগ পাবেন। উদ্বোধন অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ভবনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন।
এ সময় গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি, গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ দবিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
জেড





