আজ দেশে গণতন্ত্র নেই, ফ্যাসিবাদী সরকারের শাসনে মানুষের জীবনে নিরাপত্তা নেই। তখন ব্যরিস্টার আবদুস সালামের মত দৃঢ়চিত্ত নেতার খুবই প্রয়োজন বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ১৭তম মৃত্যুবাষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আলোচনা সভার আয়োজন করে ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার স্মৃতি সংসদ।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশে যখন গণতন্ত্র অনুপস্থিত তখন বুঝা যায় গণতন্ত্রে কি প্রয়োজন। এই গণতন্ত্র পুণরুদ্ধারের আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন আবদুস সালাম। তিনি বলেন, বিএনপি আজ সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। এই সংকটকালে তার মত নেতার থেকে আমরা অনুপ্রেরণা পাই। তারই দেখানো পথ অনুসরণ করে আমরা গনতন্ত্র পুনরুদ্ধার করতে পারি।
এরশাদের স্বৈরাচার বিরোধী আন্দোলনে সালাম তালুকদার সামনে থেকে আন্দোলন করেছিলেন উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, এরশাদ যখন অবৈধবাবে ক্ষমতা দখল করে তখন খালেদার পক্ষে তিনি বিএনপিকে রক্ষা করেছিলেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার অত্যান্ত যোগ্য মহাসচিব ছিলেন তিনি। আন্দোলনে প্রধান সিপাহসালার হিসেবে কাজ করেছিলেন তিনি। অনেক রক্ত চক্ষু উপেক্ষা করে কাজ করে গেছেন এই নেতা। জাতীয় ঐক্য সৃষ্টি করে অত্যান্ত সুদুর প্রসারী চিন্তা নিয়ে লিয়াজো কমিটিতে নেতৃত্ব দিয়েছিলেন।
স্বৈরাচার বিরোধী আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে সেদিন স্বেরাচারী আন্দোলনে এরশাদকে হটিয়ে খালেদা জিয়া সরকার গঠন করেছিলেন। এ জন্য বিএনপি সারা জীবন তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
ব্যরিস্টার আবদুস সালাম তালুকদার স্মৃতি সংসদের চেয়ারম্যান ঢাবির সাবেক ভিসি অধ্যাপক এমাজ উদ্দিন আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী প্রমুখ।
এমবি





