বিএনপি অর্ধেক ডুবে গেছে বহুরূপী মওদুদের পরামর্শ নিয়ে, বাকি অর্ধেকও কিছুদিনের ভেতর ডুবে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি শনিবার দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের যৌথ উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অর্জনকে যারা সহ্য করতে পারছে না তারা আদালতের একটি রায়কে কেন্দ্র করে এই সাফল্যকে নস্যাত করার জন্য ষড়যন্ত্রে মেতে উঠেছে।
তিনি বলেন সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়কে কেন্দ্র করে বিএনপির ক্ষমতায় যাওয়ার রঙ্গিণ খোয়াব কর্পূরের মতো দূর হয়ে যাবে। বিদেশীরা যেমন বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেয়নি তেমনি আদালতও তাদের ক্ষমতায় বসিয়ে দেবে না।
তিনি এ ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য ছাত্রলীগের নেতা-কর্মীদের শপথ নেওয়ার আহবান জানিয়ে বলেন, বিএনপি নির্বাচনে অংশ গ্রহন না করে এবং আন্দোলনে ব্যর্থ হয়ে দেশে বিদেশে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
তারা নতুন নতুন ইস্যু তৈরির চেষ্টা করছে। কাদের বলেন, আদালতের রায়ে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার এবং ব্যরিস্টার মওদুদ আহমাদের বাড়ী যখন হাতছাড়া হয় তখন আদালত নিরপেক্ষ থাকে না। কিন্তু যখন আদালতের কোন রায় বিএনপির পক্ষে যায় তখন তারা আদালত নিরপেক্ষ বলে লাফালাফি করে।
বক্তব্যে ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, সামনে কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে। ষড়যন্ত্রের খুঁটি কোথায় তা আমরা জানি।
দেশের জনগনের মধ্যে যাদের খুঁটি নেই, তারাই ষড়যন্ত্র করার জন্য খুঁটি খোজে। কারণ জনগনের মধ্যে তাদের (বিএনপি) খুঁটি থাকলে তারা ষড়যন্ত্র করত না।
এ সময় তিনি দলভারী করতে অনুপ্রবেশকারীদের দলে না নিয়ে ছাত্রলীগকে সুনামের ধারায় ফিরিয়ে আনতেও নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ডা. দীপু মনি, এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারি একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
জেড





