বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার ও নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সোমবার দেশের বিভিন্ন জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি এবং ছাত্রদল।
কুমিল্লা: কুমিল্লা জেলায় সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল। রোববার বিকাল ৩টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে হরতালের ঘোষণা দেন জেলা ছাত্রদল নেতৃবৃন্দ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রাখা এবং দলের নেতাকর্মীদের নামে মামলা দায়ের ও গ্রেফতারের প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাংগাঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা টিপু হরতাল আহ্বানের বিষয়টি নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জ: খালেদা জিয়াকে অবরুদ্ধ ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতারের প্রতিবাদে সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
নগর বিএনপির সাধারণ সম্পাদক এটি এম কামাল হরতাল আহবানের বিষয়টি নিশ্চিত করেন।
মুন্সীগঞ্জ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে মুন্সীগঞ্জ জেলা বিএনপি। জেলা বিএনপি সভাপতি আব্দুল হাই হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা, ২০দলীয় জোট নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও মুন্সীগঞ্জে সভা-সমাবেশ নিষিদ্ধ করার প্রতিবাদে জেলায় সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়।
টাঙ্গাইল: খালেদা জিয়াকে অবরুদ্ধ ও বিএনপি এবং ছাত্রদলের নেতাকর্মীদের নামে মামলা দায়েরের প্রতিবাদে টাঙ্গাইলে সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা ছাত্রদল।
রোববার দুপুর সাড়ে ১২টায় টাঙ্গাইল প্রেসক্লাব বঙ্গবন্ধু অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার রাশেদুল আলম রাশেদ হরতালের ঘোষণা দেন।
বগুড়া: বগুড়ায় স্থানীয় ২০ দলীয় জোটের আহ্বানে রোববার সকাল ৬ টা থেকে শুরু হওয়া ২৪ ঘণ্টার হরতালের সময়সীমা বাড়িয়ে ৪৮ ঘণ্টা করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী হরতাল চলবে আগামী মঙ্গলবার সকাল ৬ টা পর্যন্ত।
রোববার দুপুর ২টায় পাঠানো বার্তায় বগুড়া জেলা বিএনপি’র দফতর সম্পাদক মাহফুজুর রহমান রাজু বিষয়টি নিশ্চিত করেন।
এমকে





