আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, অতীতে খালেদা জিয়া বিএনপিকে চাঙ্গা করতে বহু ঔষধপত্র দিয়ে করার চেষ্টা করেছেন।সর্বশেষ তারা রমজানে ৬ হাজার ইফতার পার্টির আয়োজন করার কর্মসূচী হাতে নিয়েছে। আমি বলব, বিএনপি এর মাধ্যমে আরো ৬ হাজার জায়গায় চাঁদাবাজি করবে।
শনিবার দুপুরে রাজধানীর গণ-গ্রন্হাগার মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম(আসাফো) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, কিছুদিন আগে বিএনপির নেতারা বলেছিলেন চোরাগুপ্তা হামলা চালাতে হবে। তা বাস্তবায়নের জন্য বিএনপি এখন চোরাগুপ্তা হামলা চালাচ্ছে। এর দায় বিএনপিকেই নিতে হবে। ভবিষ্যতেও যদি কোন হামলা হয়। তবে এর জন্য বিএনপিই দায়ী থাকবে।
খালেদা জিয়ার জয়পুরহাট সফর সম্পর্কে তিনি বলেন, দলকে চাঙ্গা করতে খালেদা জিয়া ঝড়-ঝাপ্টা উপেক্ষা করে জয়পুরহাটে যাচ্ছেন। কিন্তু তার কাছে আমি অনুরোধ জানাবো সেখানে কোন ধরনের উষ্কানিমূলক বক্তব্য দেবেন না।
সংলাপ বিষয়ে সাবেক এ মন্ত্রী বলেন, রাষ্ট্রপতি জাতিসংঘে গিয়ে বলেছেন, সরকারের মেয়াদান্তে সংলাপ হতে পারে।এই মুহুর্তে সংলাপের কোন প্রয়োজন দেখছি না।
(আসাফো) তিতাস গ্যাস কমিটির সভাপতি জাহিদুল ইসলাম চানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শেখ শাহীনুর রহমান উজ্জল, সাধারণ সম্পাদক আজিজুল হক আর্জু খান প্রমুখ।
ঢাকা, এমআর, ২১ জুন (টাইমনিউজবিডি.কম)//এনএস





