নির্বাচন কমিশনের কাছে নির্বিঘ্নে প্রচার-প্রচারণা চালানোর সুযোগ দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।

রবিবার সকালে রাজধানীর জিগাতলা এলাকা থেকে দিনের প্রচার, গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরুর সময় তিনি সাংবাদিকদের মাধ্যমে এই দাবি করেন।

আফরোজা আব্বাস বলেন, কমিশনের কাছে অনুরোধ আমাদের কাজ করার সুযোগ দিন। আমাদের পোস্টার লাগাতে পারছি না। ছিঁড়ে ফেলা হচ্ছে। লেভেল প্লেইং ফিল্ড তৈরি হচ্ছে না। নেতাকর্মীদের হয়রানী ও মারধর করা হচ্ছে। অথচ কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এসব চিত্র সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক নয়।

তিনি বলেন, মির্জা আব্বাসের জনপ্রিয়তায় ভয় পেয়ে তাকে মাঠে নামতে দেয়া হচ্ছে না। তার সালাম ও শুভেচ্ছা সবার কাছে পৌছে দিতে আমি আপনাদের কাছে এসেছি। বাধা সত্ত্বেও আমি জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। বিজয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। জনগণ যদি ভোট দিতে পারে ইনশাআল্লাহ বিপুল ভোটের ব্যাবধানে আমরা বিজয়ী হব।

নির্বাচনী প্রচারে আফরোজা আব্বাসের সঙ্গে রয়েছেন মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন, সাংবাদিক আ ক ম রুহুল আমিন, সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি, বিলকিস ইসলাম, শাহানা চৌধুরী, মহিলাদল নেত্রী সুরাইয়া আক্তার, লাইনুর নাহার, হাসিনা আক্তার ও স্থানীয় বিএনপির আশরাফুজ্জামান রুবেলসহ শত শত নেতাকর্মী।

আফরোজা আব্বাস ২২ নং ওয়ার্ড ঝিগাতলা সালেক গার্ডেন থেকে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে প্রচার শুরু করে মনেশ্বর রোড, ১৫ নং ওয়ার্ড রায়ের বাজার হাইস্কুলে প্রচার চালান। তিনি বিভিন্ন বাসাবাড়ি, দোকানপাট ও পথচারীদের কাছে মির্জা আব্বাসের লিফলেট দেন ও কুশল বিনিময় করেন।

এমএইচ