গাজীপুরের জনসভা নিয়ে সৃষ্ট জটিলতা ও অনিশ্চয়তা বিষয়ে দলের অবস্থান পরিস্কার করতে সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠকে বসেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ।

বৈঠকে শেষে রাত ৯টায় সংবাদ সম্মেলন করবেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার রাত ৮টা ২০ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু। বৈঠকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মান্নান, রুহুল আলম চৌধুরী, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি ও ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল।

দলীয় সূত্র জানায়, বৈঠকে গাজীপুরের জনসভা নিয়ে দলের করণীয় ছাড়াও শুক্রবার গ্রেফতার হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিষয়েও আলোচনা হবে। বৈঠক শেষে এ নিয়ে কর্মসূচি দিতে পারে বিএনপি।

বিএনপির নিরপেক্ষ সরকারের আন্দোলনে দেশব্যাপী জনমত গঠনের অংশ হিসেবে বিভিন্ন জেলার পর বেশকয়েক দিন আগে থেকেই গাজীপুরের জনসভার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতিও নিয়েছে দলটি।

কিন্তু সম্প্রতি বঙ্গবন্ধুকে নিয়ে তারেক রহমানের করা একটি বিতর্কিত মন্তব্যের পরে জনসভা প্রতিহতের ঘোষণা দেয় ছাত্রলীগ।

তারেক রহমানের বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে জনসভা করতে না দেওয়ার হুমকির পাশপাশি একই স্থানে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় সংগঠনটি। এ নিয়ে গত কয়েক দিন ধরে সমাবেশস্থলের মাঠ দখল করে বিক্ষোভ করতেও দেখা যায়।

এই পরিস্থিতিতে গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শুক্রবার দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ধারা বলবৎ থাকবে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার হারুন-অর-রশিদ।

এদিকে গাজীপুরের ১৪৪ ধারা বা নিষেধাজ্ঞা জারির ঘটনা সরকারের পূর্বপরিকল্পিত বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গাজীপুরে বিএনপির পূর্বনির্ধারিত সমাবেশ করতে দেবে না বলেই সরকার ছাত্রলীগকে দিয়ে নাটক করিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

গাজীপুরে বিএনপির পূর্বনির্ধারিত জনসভাস্থলে ১৪৪ ধারা জারির পর রাইজিংবিডিকে দেওয়া এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ দাবি করেন দলের এই মুখপাত্র। তিনি বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণভাবে জনসভা করতে চেয়েছে। কিন্তু সরকার একটি নাটকের মাধ্যমে তাতে বাধা দিয়েছে।’

এসএইচ