এজাহারে নাম না থাকা সত্ত্বেও সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে চার্জশিটে নাম অন্তর্ভুক্ত করে গাড়ি পোড়ানোর মিথ্যা ও হাস্যকর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রোববার এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

বিবৃতিতে খালেদা জিয়া বলেন, বর্তমান অবৈধ সরকার বিরোধী দলকে নির্মূল করে একদলীয় শাসনকে একটা শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতেই নিরবচ্ছিন্নভাবে চক্রান্ত জাল বুনে যাচ্ছে।

বেগম জিয়া বলেন, এই অবৈধ সরকারের পতনের ঘণ্টা বেজে গেছে এটা টের পেয়েই নানাভাবে নানা কায়দায় বিরোধী দলকে নির্মূল করার জন্য মরিয়া হয়ে উঠেছে। দেশের বিভিন্ন জনপদে রক্ত ঝরানো এই অবৈধ সরকারের প্রধান কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে। আর এজন্যই দেশব্যাপী জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য হত্যা, গুপ্তহত্যা, জখম, গুম, অপহরণের মতো ভয়ঙ্কর মানবতাবিরোধী ঘটনার পাশাপাশি বিরোধী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাতে মুখ খুলতে না পারে সেজন্য তাদের বিরুদ্ধে মিথ্যা দায়ের করে গ্রেফতারের মাধ্যমে কারাগারে বন্দি করে রাখা হচ্ছে। আর এ মানবতাবিরোধী কাজে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিজ দলীয় সন্ত্রাসীদের ব্যবহার করা হচ্ছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অবিলম্বে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে দায়েরকৃত সাজানো ও হাস্যকর মিথ্যা মামলা এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের জোর দাবি জানান।

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ