খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, মনে করেছিলাম বিএনপির ডাকা হরতালে গাজীপুরে রণক্ষেত্র হবে। কিন্তু সেখানে বিএনপির নেতাকর্মীতো দূরের কথা দুঃখজনক হলেও সত্যি, সেখানে বিএনপির একটি কুকুরও খুঁজে পাওয়া যায়নি।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
কামরুল আরো বলেন, একজন নেতা গ্রেফতার হতেই ডিপফ্রিজে চলে গেছে বিএনপি। আরও দু’একজন গ্রেফতার হলে তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। এরা রাস্তায় নামলেই গণধোলাই দেয়া হবে।এদের আন্দোলনের কোন স্টেমিনা নেই। বিএনপিকে নির্বাসিত, উৎখাত ও বিতাড়িত না করতে পারলে রাজনীতি সুস্থধারায় ফিরে আসবে না।
তিনি বলেন, খালেদা জিয়ার ডাকে নাকি জনগণ রাস্তায় নেমে যাবে। আজকে তাদের প্রথম রিহার্সাল দেখলাম। গাজীপুরে হরতাল ডেকে বিএনপির নেতাকর্মীতো দূরের কথা দুঃখজনক হলেও সত্যি, সেখানে বিএনপির একটি কুকুরও খুঁজে পাওয়া যায়নি।
এ সময় সাংবাদিকদের উদ্দেশ্য কামরুল বলেন, আপনারা আল্লাহর ওয়াস্তে বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিন। তাহলেই বিএনপি কাগুজে দলে পরিণত হবে।
অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে এ সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, উপ-কমিটির সহ সম্পাদক বলরাম পোদ্দার প্রমুখ।
এমআর





