জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আন্দোলনের খবর যাতে প্রচার না করে এজন্য গণমাধ্যমকে ভয় দেখাতেই সাংবাদিক কনক সরওয়ারকে আটক করে রিমান্ডে নেয়া হয়েছে। সরকারের মনমত সংবাদ প্রচার না করলেই সরকার সংশ্লিষ্ট সাংবাদিকের উপর চালাচ্ছে নির্যাতন।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আন্দোলন ঠেকাতে পাড়ায়-পাড়ায় কমিটি করেও জনতার সংগ্রাম ঠেকাতে ব্যর্থ হয়ে সরকার সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বিধিবহির্ভূতভাবে ব্যবহার করছে। রাষ্ট্রের আইনানুগ স্বাধীন প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক ইন্সট্রুমেন্ট হিসেবে ব্যবহার করছে।

মাওলানা খান বলেন, জনগণের সমর্থন হারিয়ে সরকার এখন শক্তি প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় থাকতে চায়। আন্দোলন দমনের নামে গণহত্যা, গুপ্তহত্যা, গণগ্রেফতার ও মিথ্যা মামলায় আটকের পরও আন্দোলন ঠেকাতে ব্যর্থ হয়ে এখন জোটের শীর্ষ নেতৃত্বকে আটক করতে চায়।

বিবৃতিতে তিনি বলেন, গ্রেফতারের নামে পুলিশ বাহিনীর কিছু অতিউৎসাহী সদস্য গ্রেফতারের পর রিমান্ডে অত্যাচারের মাধ্যমে যেসব চাঁদা আদায় করছে জনগণ এর ইঞ্চি ইঞ্চি হিসাব নেবে।

জামায়াতের এই নেতা বলেন, আন্দোলনে সরকার এখন দিশেহারা হয়ে পড়েছে। এতদিন বলে আসছিলো এসব কর্মসূচিতে কোথাও কোনো প্রভাব পড়ছেনা। এখন বলছে গত কয়েকদিনে ১লাখ ২০ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।

বিনাভোটের সরকার যতক্ষণ ক্ষমতা আঁকড়ে থাকবে ততই দেশের ক্ষতি। বিনাভোটের সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সারাদেশে জনগণের ট্যাক্সের পয়সায় পরিচালিত বাহিনীর মাধ্যমে জনগণের উপর যে হত্যা, গুম, নিপীড়ন চলছে তাতে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ দায় এড়াতে পারবেনা।

মাওলানা খান আরো বলেন, সরকার আন্দোলন দমনের নামে মিথ্যা মামলায় যতই বিরোধীনেতাদের আটক করবে ততই তাদের নিরাপদ প্রস্থানের পথ বন্ধ হয়ে আসবে। প্রতিনিয়ত হুমকি-ধামকি দিয়ে মন্ত্রীরা নিজেদেরই মর্মন্তুদ পরিণতির ক্ষেত্র তৈরি করছে।

এই অপরিণামদর্শী আত্মঘাতি পথ ছেড়ে অবিলম্বে পদত্যাগ করলেই দেশের মঙ্গল। তিনি আরো বলেন, দেশের কারাগারগুলোতে আর ঠাঁই নাই। গণগ্রেফতারের কারণে কেউ ঘরে থাকতে পারছেনা।

হাসপাতাল আর কোর্টের বারান্দার চেয়ে রাজপথই এখন মুক্তিকামী মানুষের নিরাপদ ঠিকানা। তাই শিগগিরই তুমল গণআন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারের পতন ঘটানো হবে বলেও জানান জামায়াতের এই শীর্ষ নেতা।

সরকারের তীব্র বাঁধা, হুমকি-ধামকি, জুলুম-নির্যাতন, গণগ্রেফতার সত্ত্বেও লাগাতার অবরোধে বুধবার রাজধানীর বিভিন্ন থানা ও এলাকায় জামায়াতের কর্মীরা মিছিল, পিকেটিং ও রাজপথ অবরোধ করায় অভিনন্দন জানান রফিকুল ইসলাম খান।

কেএইচ