বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শ্রেষ্ঠ মানব শেষ নবী হযরত মুহাম্মদ (স:), পবিত্র হজ্বব্রত পালন, পবিত্র মক্কা শরীফ, তাবলীগ জামায়াত সম্পর্কে মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী যে অসম্মানজনক বক্তব্য রেখেছেন তা বাংলাদেশসহ গোটা মুসলিম বিশ্বের ধর্মীয় আবেগে চরম আঘাত।

মঙ্গলবার বিকালে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ইসলামের অবশ্য পালনীয় অন্যতম স্তম্ভ হজ্ব। বাংলাদেশসহ বিশ্বের লাখ লাখ মুসলমান আল্লাহর নৈকট্য লাভের জন্য প্রতি বছর হজ্বের সময় পবিত্র মক্কা শরীফে হজ্বব্রত পালন করেন। কেবল বিশ্বের কোটি কোটি মুসলমান নয় এমনকি অন্য ধর্মের চিন্তাশীল মানুষরাও শেষ নবী হযরত মুহাম্মদ (স:) কে শ্রেষ্ঠ মানব হিসেবে অভিহিত করেছেন। অথচ মুসলমান নামধারী বর্তমান অবৈধ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী রাসুলুল্লাহ (স:) সম্পর্কে যে অপমানজনক কথা বলেছেন তা কেবল চরম সীমালঙ্ঘনকারীরাই করতে পারে।

তিনি বলেন, এই মন্ত্রী কথাবার্তায় সবসময় সভ্যতার সীমানা অতিক্রম করেন। এর আগেও তিনি এমন অসংলগ্ন কথা বলেছেন যা কেবল সমাজবিরোধী লোকেরাই বলে থাকেন। তিনি বলেছিলেন, বিরোধী দলীয় নেতা-কর্মীদের বাড়ীতে বাড়ীতে হানা দিয়ে তাদেরকে হত্যা করতে। মানসিকভাবে ভারসাম্যহীন ও বিকারগ্রস্ত না হলে কেউ এ ধরণের কান্ডজ্ঞানহীন বক্তব্য রাখতে পারে না। অবৈধ ক্ষমতায় মন্ত্রীত্ব পাওয়া একজন মানুষ কতখানি দাম্ভিক এবং ঔদ্ধত্যপূর্ণ হয়ে উঠতে পারে সেটির উজ্জল দৃষ্টান্ত লতিফ সিদ্দিকী।

মির্জা ফখরুল হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, ক্ষমতাসীন নেতা মন্ত্রীরা শুধু ধরাকে সরা জ্ঞানই করছেন না তারা নিজেদের এখতিয়ার ভুলে গেছেন। ফেরাউনের ঔদ্ধ্যত্য এদেরকে প্রেরণা যোগায়।  মহানবী (স:), হজ্ব, হাজী এবং তাবলীগ জামায়াত সম্পর্কে কুৎসিত মন্তব্যে ফুঁসে ওঠা জনগণের রোষানল তারা দেখতে পাচ্ছেন না। তিনি অবিলম্বে লতিফ সিদ্দিকীর পদত্যাগের জোর দাবি জানান।

ঢাকা, এমএইচ, ৩০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম