ধর্মীয় অনুভূতিতে আঘাতের জন্য মুক্তচিন্তার মানুষদের হত্যা করাকে ঔদ্ধত্য আচরণ আখ্যা দিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, এই হত্যাকাণ্ড গুলো প্রমান করে ইসলামিক স্টেটের রেশ বাংলাদেশেও চলে এসেছে।

শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের ওয়ার্কার্সপার্টি আয়োজিত অমল সেন স্বারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মেনন বলেন, জঙ্গীগোষ্ঠী ব্লগারদের নাস্তিক বলে প্রচার করে। আমি আগে কখনও তাদের লেখা পড়িনি। গতকাল একজন ব্লগার হত্যার পর আমি আজ তার লেখা পড়েছি, তার লেখার মধ্যে ধর্মকে উস্কানি দেয় এমন কোন বিষয় পাইনি।

প্রয়াত বামনেতা অমল সেনের স্মৃতি চারণ করে তিনি বলেন, স্বাধীনতার পর 'বাসুদা'(অমল সেন) সঙ্কা করেছিলেন বাংলাদেশে পুনরায় সাম্প্রদায়ীকতা ছড়িয়ে পড়তে পারে, আজ আমরা কি দেখছি সাম্প্রদায়িক শক্তি মুক্ত চিন্তার মানুষদের মুরতাদ বলে ঘোষণা দিচ্ছে। তাদেরকে নির্মমভাবে হত্যা করে চলেছে।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির এই নেতা বলেন, অমল সেনের স্বপ্ন ছিলো জনগনের জন্য একটি বিকল্প শক্তি গড়ে তোলা। তেভাগা আন্দোলনের মাধ্যমে জনগনের জন্য বিকল্প শক্তির বীজ বপন করেছিলেন। কিন্তু আজ আমাদের বাম দলগুলো বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে জনগণ থেকে অনেক দূরে সরে গেছে।

স্বারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশ, বিশিষ্ট সাংবাদিক কামাল লোহানী, ওয়ার্কার্স পার্টির সদস্য অজয় রায়, স্বারক গ্রন্থের সম্পাদক শামসুল হুদা প্রমুখ।

এমএ/এআই