দেশের মানুষের জানমালের নিরাপত্তা বিধানের জন্য ২০ দলীয় জোটের ডাকা আগামীকালের হরতাল এবং চলমান অবরোধ কর্মসূচি স্বত:স্ফুর্তভাবে পালনের জন্য দেশের সর্বস্তরের জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেটর রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি আরো বলেন, বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত দেশব্যাপী অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।
গতরাতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য রিয়াজ রহমানের ওপর হামলা এবং তাঁকে গুলি করে গুরুতর আহত করার প্রতিবাদে বুধবার দুপুরে বিএনপির সহদফতর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ আহবান জানান।

রুহুল কবির রিজভী বলেন, মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর হামলা এবং তাকে হত্যার উদ্দেশে গুলি করে গুরুতর আহত করার প্রতিবাদে ২০ দলীয় জোটের ডাকে আগামী ১৫ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত দেশব্যাপী ১২ ঘণ্টার সর্বাত্মক হরতাল আহবান করা হয়েছে।

তিনি বলেন, এই ভোটারবিহীন সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা করার জন্য গুপ্তঘাতকদের নামিয়ে দিয়েছে বিভিন্ন পাড়ায় মহল্লায়। জনগণের তুমূল আন্দোলনের চাপে শেষ বিষাক্ত ছোবল দেয়ার জন্যই মরণঘাতি গুপ্তবাহিনীদের দিয়ে কমিটি গঠন করেছে তারা। এরই নির্মম শিকার হয়েছেন দেশের পেশাদার কুটনীতিক, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক মন্ত্রী জনাব রিয়াজ রহমান।

তিনি আরো বলেন, বর্তমান অবৈধ সরকার দ্বিতীয় পর্যায়ের বাকশালী দু:শাসনের চরম সীমায় উপনীত হয়েছে। সকল বিরোধী মত এবং দলকে নিশ্চিহ্ন করে শতকরা ৫ ভাগ ভোট পেয়ে অবৈধ একদলীয় শাসনকে টিকিয়ে রাখার জন্য তারা দেশব্যাপী এখন রক্তগঙ্গা বইয়ে দেয়ার কর্মসূচিতে লিপ্ত হয়েছে।

বিএনপি’র যুগ্ম মহাসচিব বলেন, তবে একদলীয় বাকশালী দু:শাসনের এটি শেষ অন্ধকার। এই অন্ধকার দুরীভুত করার জন্য মৃত্যুকে জয় করার ব্রত নিয়ে ২০ দলীয় জোটসহ আপামর জনসাধারণ এখন দূর্বার আন্দোলনে অংশগ্রহণ করছে।

বিএনপির এই নেতা বলেন, শতকরা ৫ ভাগ জনসমর্থনের এই অবৈধ সরকারকে রক্ষার জন্য যারা জনগণের আন্দোলনের ওপর দমন পীড়ণ চালাচ্ছেন তারা কেউই রেহাই পাবেন না। দেশের জনগণ তাদের বিচার নিশ্চিত করবেই। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে তাঁর প্রতি অমানবিক আচরণসহ অশ্লীল কথাবার্তা যারা বলছেন তারাও এদেশের মানুষের ক্রোধ থেকে কখনোই রেহাই পাবেন না।

এমএইচ/জেএ