আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যুক্তিসঙ্গতসময়ের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাদণ্ডের রায়ের কপি দেয়া হবে।
আজ (শুক্রবার) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ওবায়দুল হক অফাইয়ের মরদেহ দেখতে তার গ্রামের বাড়ি হীরাপুরে গেলে স্থানীয় সাংবাদিকদের মন্ত্রী এই কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আমি গতকাল শুনেছি যে রায়ের কপি নিয়ে এজলাসে খালেদা জিয়ার আইনজীবীরা জোর করার মতো অবস্থা তৈরি করেছেন। কখন রায়ের কপি দেয়া হবে। ওনারা কোনো আইনকানুন মানেন না বলেই এমনটা করছেন।
তিনি বলেন, রায়ের কপি যখন বিজ্ঞ আদালত তৈরি করবেন তখন দেবেন।এর সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। সে ক্ষেত্রে ৬৩২ পাতার রায় যুক্তিসঙ্গতভাবেযতটুকু সময় লাগে, ততটুকু সময়ের মধ্যে দেবে।
আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন এতিমের টাকা মারে না। আমরা এতিমের সঙ্গে থাকি। যারা এতিম, তারা আমাদের সন্তান।
এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনএ) হাসিনা ইসলাম, উপজেলা চেয়ারম্যান আনিসুল হক ভূইয়া, পৌরসভা মেয়র এমরান উদ্দিন জুয়েল প্রমুখ।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকারবকশিবাজারের আলীয়া মাদ্রাসায় স্থাপিত ৫নং বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেয় আদালত। এবং তারেক রহমান’সহ বাকি ৫ আসামিদের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড’সহ ২ কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করে আদালত।
রায়ের পরপরই খালেদা জিয়াকে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। নির্জন কারাগারের একমাত্র বন্দি হিসেবে বেগম জিয়া সেখানেই আছেন।
এমবি





