নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘দুই দলের (আওয়ামী লীগ-বিএনপি) শত্রুতার কারণে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।

তিনি বলেন, দুই নেত্রীর হাতে দেশ আজ নিরাপদ নয়। তাই তিনি এই দুই দলের বাইরে গিয়ে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার বিকালে রাজশাহীতে আয়োজিত এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।

নগরীর মিয়াপাড়ায় সাধারণ গ্রন্থাগারের গিরিশচন্দ্র হলে নাগরিক ঐক্যের রাজশাহী শাখা ওই সভার আয়োজন করে।

মাহমুদুর রহমান মান্না বলেন, আওয়ামী লীগ ও বিএনপি বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করে না। গণতান্ত্রিক নয়, ক্ষমতা দখলের রাজনীতি করছে তারা। দুই নেত্রী (শেখ হাসিনা ও খালেদা জিয়া) আজ পরিত্যক্ত। তাই নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলা জরুরি।

মান্না বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে স্বৈরাচারী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আর বিএনপি-জামায়াত জোট গণতান্ত্রিক আন্দোলন না করে শুধু ক্ষমতা দখলের আন্দোলন, ভোটে জেতার আন্দোলন করতে গিয়ে পঁচে গেছে। এই মুহূর্তে ‘মানি অ্যান্ড মাসল’র প্রভাবমুক্ত নির্বাচন হলে বিস্ময়কর ফলাফল হবে।

মান্না আরো বলেন, দুই নেত্রীর পারিবারিক গোষ্ঠী দেশকে লুটেপুটে খাচ্ছে। দেশের অর্থনীতি বিকশিত না হওয়া, বিনিয়োগ না হওয়ার প্রধান কারণ এই দুই নেত্রীর দ্বন্দ্ব। বাংলাদেশের শিক্ষা, পুলিশ, সেনাবাহিনী সবই ধ্বংস করেছে এই দুই দল। যুদ্ধাপরাধের রায় নিয়েও মানুষকে বিভ্রান্ত করছে আওয়ামী লীগ।

জামায়াতের বিরুদ্ধে এতকিছু করার পরও উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থীরা পাস করেছে আওয়ামী লীগের আমলেই। বিএনপি-জামায়াত জোট করে ৫ জানুয়ারির নির্বাচন করলে আওয়ামী লীগ কখনই ক্ষমতায় যেতে পারতো না।

তিনি বলেন, এই সরকার অবৈধ সরকার, বাংলাদেশ এখন খুব খারাপ সময় পার করছে। এখন সময় হয়েছে এই দুই দলকে হটিয়ে তৃতীয় শক্তির উত্থান করা।

নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য মাহমুদ জামাল কাদেরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য ও নাগরিক ঐক্যের উপদেষ্টা এসএম আকরাম। বক্তব্য রাখেন- রাজশাহী শাখার সমন্বয়ক এডভোকেট হাসনাত বেগ।

ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ