দেশের সব শিক্ষার্থীকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে উঠতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, মুজিব আদর্শ ধারণ করে শিক্ষিত হয়ে দেশকে এগিয়ে নিতে হবে। শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়ে উঠলে দেশ স্বাবলম্বী হবে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বঙ্গবন্ধু একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে দীপু মনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। সে কারণে মুজিবের জীবন থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের তৈরি হতে হবে। শেখ মুজিবের আদর্শে দেশের স্বাধীনতা ও মর্যাদার লড়াইয়ের বোধ নিয়ে শিশুদের বড় হতে হবে।

তিনি আরও বলেন, সর্বস্তরে শিক্ষার মানোন্নয়নের যে অঙ্গীকার বর্তমান সরকার করেছে তা বাস্তবায়ন করা হবে। আমাদের জীবন ও দেশকে সুন্দর করতে আমরা কথায়, কাজে ও আচরণে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে অগ্রসর হবো। আমরা চাই আমাদের সন্তানরা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে নিজেকে গড়ে তুলুক।

মুজিববর্ষ উপলক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ওই শিক্ষাপ্রতিষ্ঠানে নবনির্মিত চারতলা ভিত্তির ওপর নির্মিত একতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন এবং সেই ভবনটি ঊর্ধ্বমুখী সম্প্রসারণের ঘোষণা দেন।

এমবি