যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘‘একে খন্দকারের ‘১৯৭১ : ভেতরে-বাহিরে’ বই বাজেয়াপ্ত করার দাবিকে নাকচ করায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকেও আওয়ামী লীগের নেতারা রাজাকার বলবে।’’
শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে যুবদল আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৭ম কারামুক্তি দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলাল বলেন, ‘‘মুক্তিযুদ্ধের উপ-প্রধান ও সাবেক পরিকল্পনামন্ত্রী একে খন্দকার সত্য কথা প্রকাশ করায় তাকে রাষ্ট্রদ্রোহী করা হয়েছে। আর এই বই ‘১৯৭১: ভেতরে-বাহিরে’ বাজেয়াপ্ত করার দাবিকে নাকচ করে দিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ‘কোনো বইয়ের প্রতি ঘৃণা প্রকাশ করে তা বাজেয়াপ্ত করা উচিত নয়। বরং অন্য একটি বই লিখে তার প্রতিবাদ করতে হবে। তাই তাকেও আওয়ামী লীগের নেতারা রাজাকার বলবে।’’
তিনি আরও বলেন, ‘তারেক রহমান যে কত গুরুত্বপূর্ণ তা আমরা না বুঝলেও আওয়ামী লীগের নেতা-কর্মীরা বুঝেছেন। তাইতো তারেক রহমান লন্ডনে বসে হাঁচি দিলেও আওয়ামী লীগের মন্ত্রীরা লাফ দিয়ে উঠেন।’
সরকারের সমালোচনা করে এই যুবদল নেতা বলেন, ‘এই বেদের মেয়ে (শেখ হাসিনা) বিদেশিদের প্রতি এত নির্ভরশীল যে বিদেশিরা একদিন তাকে অশ্রু উপহার দিয়ে যাবে।’
আলোচনা সভায় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর, এছাড়াও আলোচনা সভাটি সঞ্চালনা করেন যুবদলের নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব প্রমুখ।
ঢাকা, ৪ সেপ্টেম্ব, টাইমনিউজবিডি.কম, কেএইচ





