‘বর্তমান সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে’ বলে মন্তব্য করেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ রোববার জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় খালেদা জিয়া এ কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ওই সভার আয়োজন করা হয়।
খালেদা জিয়া অভিযোগ করেন, বর্তমান সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এ সরকারের আমলে দেশে হত্যা ও গুমের মহোৎসব শুরু হয়েছে। আর চলছে বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের ওপর অমানবিক নির্যাতন।
নতুন বছরে হত্যা বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান খালেদা জিয়া। নিয়ম-নীতির তোয়াক্কা না করে সরকার অস্ত্র কিনছে বলেও অভিযোগ করেছেন তিনি।
জোর করে বেশিদিন ক্ষমতায় টিকে থাকা যায় না উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য শুধু নির্বাচন কমিশন নিরপেক্ষ হলেই চলবে না, প্রয়োজন নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সহায়ক সরকার।’
এমবি





