গণতন্ত্রের জন্য আজও আমরা লড়াই করছি। উন্নয়নের নামে লুটপাট করছে ক্ষমতাসীনরা। ব্যাংকগুলো ধ্বংস হয়ে গেছে। সরকারের উন্নয়নের রাজনীতি অসার হয়ে গেছে। বরাদ্দের নামে এমপিরা লুটপাট করছে। প্রবৃদ্ধিকেও আওয়ামীকরণ করা হয়েছে। গণতন্ত্রবিহীন উন্নয়ন কখনও গ্রহনযোগ্য নয় বলেও মন্তব্য করেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান।
শনিবার(১১ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত মজুলম জননেতা মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নোমান বলেন, বর্তমান পার্লামেন্ট জনগণের কাছে কোনভাবেই গ্রহণযোগ্য নয়। সুতরাং এই পার্লামেন্টে কে গেলো, আর কে গেল না এটা বড় বিষয় নয়। গত বছরের ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গড়ে ওঠা জাতীয় ঐক্যফ্রন্ট আমাদের রাজনীতির বিরাট একটি অর্জন। রাজনীতিতে এত অল্প সময়ে গড়ে ওঠা এই ইতিবাচক প্লাটফর্মটিকে আরও সমৃদ্ধ করতে হবে। জাতীর প্রয়োজনে এটি গঠিত হয়েছে। অন্য দলগুলোকে আরও যোগ করে ঐক্যফ্রন্টকে আরও বেশি সমৃদ্ধ করতে হবে।
তিনি বলেন, দেশে যে জাতীয় সমস্যা চলছে সেই সমস্যা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির মাধ্যমেই সমাধান হবে।
মওলানা ভাসানীর স্মৃতিস্মারণ করে নোমান বলেন, মওলানা ভাসানী আজীবন শ্রমজীবি ও কৃষিজীবি মানুষের জন্য রাজনীতি করেছেন। ফারাক্কা অভিমুখে লংমার্চ যাত্রা এটা আমরা প্রথমে মওলানা ভাসানীর কাছেই শিখেছি। তার আদর্শে আনুপ্রাণিত ছিলাম আমরা। এখনও আছি।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় সংগঠনের নির্বাহী চেয়ারম্যান অধ্যাপক জসিম উদ্দীন আহমেদ, মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, প্রেসিডিয়াম সদস্য নঈম জাহাঙ্গীর, জহির উদ্দীন স্বপনসহ প্রমুখ বক্তব্য রাখেন।
সাইফুল ইসলাম/জেড





