সরকারবিরোধী পরবর্তী আন্দোলন কর্মসূচি নির্ধারণে দলের স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

রবিবার রাত সাড়ে ৮টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠকে বসবেন তিনি। পরদিন একইসময়ে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করবেন খালেদা জিয়া।

ঈদের পর গণতন্ত্র রক্ষায় ২০ দলীয় জোটের পক্ষ থেকে আন্দোলন কর্মসূচির প্রেক্ষাপটে আজকের বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এই বৈঠকে সরকার পতনের আন্দোলনের রোডম্যাপ তৈরী ছাড়াও দলের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এর মধ্যে-যুবদল, ছাত্রদল ‍ও কৃষকদলসহ কয়েকটি অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি পূর্নগঠন। মহানগর বিএনপিকে গতিশীল করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা এবং জাতীয় কাউন্সিল নিয়ে আলোচনা হতে পারে।

এ লক্ষ্যে ইতোমধ্যে বিএনপির নীতি-নির্ধারণী পর্যায়ের কয়েকজন নেতার সঙ্গে প্রাথমিক আলোচনা সেরে রেখেছেন খালেদা জিয়া।

ঢাকা, এমএইচ, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই