বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জটিলতার উদ্ভব হলে দ্রুত সমাধানের লক্ষ্যে পর্যবেক্ষক বসানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

এজন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন -২০১০ সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন চেয়ারম্যান ড. আবদুল মান্নান।

এ সময় জঙ্গিবাদের বিরুদ্ধে সারাদেশে জনমত গড়ে তোলার জন্য জঙ্গিবাদবিরোধী সমাবেশ, র‌্যালি ও মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত জানানো হয়।

সিদ্ধান্তের আলোকে সোমবার দেশের ১৩৪ সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ২০৫টি ফাজিল-কামিল মাদ্রাসায় এসব কর্মসূচি পালনের নির্দেশনা দেয়া হয়।

ওইদিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টা বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস বা পার্শ্ববর্তী স্থানে এ কর্মসূচি পালিত হবে। কর্মসূচিতে বিভিন্ন স্কুল-কলেজ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো যোগ দিতে পারবে।

ইউজিসি চেয়ারম্যান আশা প্রকাশ করেন, সারাদেশের প্রায় ৪৫ লাখ মানুষ কর্মসূচিতে অংশ নেবেন।

কর্মসূচির অংশ হিসেবে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হবে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৫টি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।

এছাড়া সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদসহ যে কোনো অশুভ তৎপরতা বন্ধে  ইউজিসির ৩ সদস্য বিশিষ্ট মনিটরিং কমিটি কাজ করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে ইউজিসি চেয়ারম্যান ছাড়াও ৫ জন স্থায়ী সদস্য ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমবি