মুক্তিযুদ্ধের উপসেনাপতি ও সাবেক পরিকল্পনামন্ত্রী একে খন্দকারের সদ্য প্রকাশিত ‘১৯৭১: ভেতরে বাইরে’ বই নিষিদ্ধের বিপক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
শুক্রবার শাহবাগে জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তরে ‘মহানগর বই উৎসব-২০১৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশে তিনি তার এ মত জানান।
বইটি সম্পর্কে মুহিত বলেন, ‘সংসদে যে দাবি উঠেছে আমি অত্যান্ত শক্তভাবে তা প্রত্যাখ্যান করছি। কোনো বই যতো বাজেই হোক তা বাজেয়াপ্ত করা উচিৎ নয়।’
বই সম্পর্কে কারও কোনো বক্তব্য থাকলে তা লেখনির মাধ্যমে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অনেকে বিভিন্নভাবে মতামত লেখে। আপনাদের কাছেও অস্ত্র আছে। এর প্রতিবাদে লেখেন না কেন?’
এসময় বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংস্কৃতি সচিব রণজিৎ কুমার বিশ্বাস, গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত বুধবার প্রকাশিত এই বইয়ে তথ্য বিকৃতির অভিযোগ এনে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা বইয়ের লেখক একে খন্দকারের সমালোচনা করেন। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনার কথা বলা হয়। এ সময় বেশ কয়েকজন সংসদ সদস্য বইটি নিষিদ্ধের দাবিও তোলেন।
মুক্তিযুদ্ধকালীন সময়ের ঘটনাপ্রবাহ নিয়ে ‘১৯৭১: ভেতরে বাইরে’ বইটি প্রথমা থেকে প্রকাশিত। এতে ৭ মার্চের ভাষণসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মন্তব্য করেছেন একে খন্দকার। যার ফলে সেসব বিষয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





