বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের প্রধানমন্ত্রীর উপদেষ্টা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। গরিব দেশে শ্রেষ্ঠ ধনী আছে।'

আজ শনিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সমির উদ্দিন কলেজ মাঠে উপজেলা বিএনপির সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, 'সীমান্তে হত্যা হচ্ছে, সরকার প্রতিবাদ করছে না। ভারত থেকে পানির ন্যায্য হিস্যা পাওয়া যাচ্ছে না। ভারতের সঙ্গে সামরিক চুক্তি সম্পর্কে দেশের মানুষ জানে না। এটি দেশের মানুষ জানতে চায়।'

তিনি বলেন, 'দেশে বিনিয়োগ নাই, কলকারখানা নতুন করে তৈরি হচ্ছে না। ব্যাংকগুলো আওয়ামী লীগের লোকজন লুট করে নিয়েছে। আওয়ামী লীগের প্রধানমন্ত্রীর উপদেষ্টা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। গরিব দেশে শ্রেষ্ঠ ধনী আছে।'

এসময় বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, 'আওয়ামী লীগের লোকজন ১০টাকা কেজির চাল সরকারের কাছ থেকে নিয়ে ৪০ টাকা বিক্রি করেছে।'

তিনি আরও বলেন, জুলুমবাজ সরকারের পতন ঘটাতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ঘরে ঘরে আন্দোলন তুলতে। নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান হতে আন্দোলনের জন্য তৈরি থাকুন। আগামী নির্বাচনে জালেম সরকারের পতন আমরা ঘটিয়ে বাড়ি ফিরবো।

সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান, বিএনপি নেতা ওবায়দুল্লাহ মাসুদ প্রমুখ।

উল্লেখ্য, বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় প্রথমবারের মতো কোনও বাংলাদেশি হিসেবে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) গ্রুপের কর্ণধার ও আওয়ামী লীগের প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান।

বেইজিংভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হুরুন গ্লোবাল -এর ওই তালিকায় স্থান পেয়েছেন ৬৮টি দেশের শীর্ষ ধনী ব্যক্তিরা।

হুরুন গ্লোবাল-এর এ তালিকার ২২৫৭ জন ধনকুবেরের মধ্যে সালমান এফ রহমান রয়েছেন ১৬৮৫ নম্বরে। প্রকাশিত তালিকা অনুযায়ী, সালমান এফ রহমানের সম্পদের পরিমাণ ১৩০ কোটি ডলার।

এমবি