সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মাধ্যমে পুরো নির্বাচন ব্যবস্থাই পরিকল্পিতভাবে ধবংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার রাতে ঠাকুরগাঁও পৌর বিএনপির এক বর্ধিত সভায় তিনি বলেন, “এত খারাপ নির্বাচন মনে হয় এ দেশের মানুষ আগে কখনও দেখেনি।
“এই নির্বাচন শুধু ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কলুষিত করেনি, সমগ্র নির্বাচন ব্যবস্থাকেই পরিকল্পতিভাবে ধ্বংস করে দিয়েছে।”
শনিবার সর্বশেষ ষষ্ঠ ধাপের ভোটগ্রহণের মধ্যে দিয়ে শেষ হয়েছে ইউপি নির্বাচন। গত ফেব্রুয়ারিতে এই নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে শতাধিক লোকের প্রাণহানি ঘটে। এর মধ্যে পাঁচ ধাপের ভোটের দিন মারা যান অন্তত ৩৫ জন; বাকিরা ভোটের আগে-পরের সহিংসতায়।
নির্বাচনে প্রাণহানি নিয়ে ক্ষোভ প্রকাশ করে এটাকে নির্বাচন বলা যায় কিনা সেনিয়ে ইতোমধ্যে প্রশ্ন তুলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
তবে ব্যাপক সহিংসতা ও অনিয়মের অভিযোগের মধ্যেই দলীয়ভাবে প্রথম এই ইউপি নির্বাচন নিয়ে ‘স্বস্তি’ প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার বলছেন, সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়া সহিংস মনস্তাত্ত্বিক অবস্থারই প্রতিফলন ইউপি নির্বাচনের এই সহিংতা ।
নির্বাচনের ত্রুটি নিয়ে কথা বলে তার দায় সরকারকেই দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।
তিনি বলেন, “সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে তারা কোনোদিনও রাষ্ট্রে ক্ষমতায় আসতে পারবে না। দেশকে এ অবস্থা থেকে বের করে আনার জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সত্যিকার অর্থে সবার অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই।”
সভায় ঠাকুরগাঁও পৌর মেয়র মির্জা ফয়সাল আমিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান, পৌর বিএনপির সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক তারিক আবদনানসহ অন্যরা বক্তব্য দেন।
এমআর





