রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে আয়োজিত জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাত বার্ষির্কীর আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সামনেই বাকযুদ্ধে জড়িয়ে পড়েছে ২০দলীয় জোটের দুই নেতা।

বক্তব্যে, খালেদা জিয়ার উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর বলেন, ২০ দলের শরিকরা আন্দোলনে নয়, আসনের অপেক্ষায় আছেন। তার এই বক্তব্যের জবাব দিতে গিয়ে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইব্রাহিম বলেন, বিএনপিতে আসবো না। প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেব।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কথার এ যুদ্ধ চলে। আর এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অতিথির আসনে বসেছিলেন।

খালেদা জিয়ার উদ্দেশে শাহজাহান ওমর বলেন, ২০ দলের দরকার নেই। আপনি শরিকদের বিএনপিতে যোগ দিতে বলুন। জিয়াউর রহমানও জোট গঠনের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি সবাইকে বিএনপিতে যোগ দেয়ার আহ্বান জানিয়েছিলেন।

তিনি বলেন, ২০ দলীয় জোটের শরিকরা আন্দোলনে আসেন না। তারা আসনের অপেক্ষায় থাকেন। আর ঐ সকল আসনে বিএনপি নেতারা হতাশায় ভোগেন।

শাহজাহান ওমর জোট নিয়ে বক্তব্য রাখার সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঞ্চে ছিলেন না। তিনি অতিথির আসনে বসেছিলেন। মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ।

শাহজাহান ওমরের এসব কথার জবাব দেন ২০ দলীয় জোটের শরীক বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মো. ইব্রাহিম।

তিনি খালেদা জিয়ার সামনে রাখা ফুলের তোড়ার দিকে আঙ্গুল তুলে বলেন, ধরা যাক সবগুলো ফুল মিলিয়ে ২০ দল। এখান থেকে চাইলে যে কোনো একটি সুন্দর ফুল তুলে নেয়া যায়। কিন্তু ফুল যদি বাসি হয় তাহলে কি করবেন? আপনারা কি বাসি বিএনপি চান?

ইব্রাহিম বলেন, বিএনপি হলো বটগাছ। এর ছায়ায় রয়েছে ১৯ দল। এই ৬৫ বছর বয়সে এসে আমি আমার নিজ দল ত্যাগ করে বিএনপিতে আসবো না। প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেব। এতে আমার ১ আনা ক্ষতি হলে বিএনপির ক্ষতি হবে ১৫ আনা।

আলোচনা সভার সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেনন বিকল্প ধারা চেয়ারম্যান ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

এমএইচ/এমকে