দৈনিক সংগ্রাম পত্রিকার সরকারি মিডিয়া তালিকাভুক্তি বাতিলের সিদ্ধান্তে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, “চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর অন্যায়ভাবে দৈনিক সংগ্রামের তালিকাভুক্তি বাতিলের সিদ্ধান্তের আমরা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

তিনি বলেন, “বাংলাদেশের সংবিধানে স্বাধীনভাবে মত প্রকাশের নিশ্চয়তা দেয়া হয়েছে।

দৈনিক সংগ্রাম সূচনালগ্ন থেকে তথ্য উপাত্তের ভিত্তিতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে।”

গোলাম পরওয়ার বলেন, “১২ ডিসেম্বর পত্রিকায় প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে কতিপয় উচ্ছৃংখল লোক সংগ্রাম অফিসে হামলা ও ভাংচুর করে এবং সংগ্রাম সম্পাদককে নাজেহাল করে। সরকার প্রবীন সম্পাদক আবুল আসাদকে গ্রেফতার করে। আজও তিনি কারাগারে আছেন।

আমরা আশা করেছিলাম আক্রমণকারীদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হবে। কিন্তু পরিতাপের বিষয় আক্রমনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পরিবর্তে উল্টো সংগ্রাম সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে। আবার সংগ্রাম পত্রিকার সরকারী মিডিয়া তালিকাভুক্তি বাতিল করা হলো। এ সিদ্ধান্ত অসাংবিধানিক ও স্বাধীন মত প্রকাশের অধিকারের সুস্পষ্ট লংঘন।”

জামায়াতে সেক্রেটারি বলেন, “আমরা এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।” প্রেস বিজ্ঞপ্তি

এমবি