নবনির্বাচিত ঢাকা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়া।
৯ মার্চ রোববার বিকাল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা আইনজীবী সমিতির উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিতাই চন্দ্র রায় টাইম নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আগামী ৯ মার্চ ঢাকা আইনজীবী সমিতির সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।’
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
উল্লেখ, ঢাকা আইনজীবী সমিতির ২০১৪-১৫ সেশনের নির্বাচনে ২৫ সদস্য বিশিষ্ট কমিটিতে বিএনপি-জামায়াত সমর্থিত ১৯ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এর মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রথম ১০টি পদ এবং কার্যকরী ১৫ সদস্যের মধ্যে বিএনপি-জামায়াত সমর্থিত ৯টি সদস্য নির্বাচিত হন। সভাপতি নির্বাচিত হন অ্যাডভোকেট মো. মোহসিন মিয়া ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুসলেহ উদ্দিন জসিম।
[b]ঢাকা, এমএইচ, ৫ মার্চ (টাইম নিউজবিডি.কম)//এসএইচ[/b]