আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার বিকাল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল করার অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে ই-মেইলে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি ড. মোবারক হোসাইন স্বাক্ষরিত আবেদন পত্রটি আজ ১৮ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা ৭:৫০মিনিটে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর ই-মেইল করা হয়।
আবেদনে বলা হয়, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ও দেশের বরেণ্য ওলামায়ে কেরামসহ বন্দি সকল নেতাকর্মীর মুক্তি এবং দেশে কেয়ারটেকার সরকারসহ জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিলটি আগামী ২৫শে ফেব্রুয়ারি ২০২৩, শনিবার বিকাল ৩:০০ টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড়, বিজয়নগর ও নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হবে। বিক্ষোভ কর্মসূচি সুশৃংখল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।





