বিএনপি’র যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু বলেছেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি বর্তমান ক্ষমতাসীন সরকার গণতন্ত্রের কবর রচনা করেছিল।

আজ তারা সেই কবরের উপর দাঁড়িয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ এবং বিরোধী দল-মতের জনগণকে কবরে পাঠাচ্ছে। তাই মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দীপ্ত হয়ে গণতন্ত্র, গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং মানুষ হত্যাকারী এই সরকারকে এখনই তার কালো হাত গুটাতে বাধ্য করার জন্য চলমান শান্তিপূর্ণ আন্দোলনকে আরো বেগবান করতে বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

২০ দলীয় জোটের পক্ষ থেকে বুধবার বিকাল সোয়া ৩টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই আহ্বান জানান।

তিনি আরও বলেন, “বিরোধী দল ও মতের নেতা-কর্মীদের খুন, গুম এবং মিথ্যা মামলায় গ্রেফতার ও হয়রানী করে সরকার চলমান আন্দোলনকে স্তব্ধ করার যে অপচেষ্টা চালাচ্ছেতা সফল হবার নয়। নির্মম নিপীড়ন আন্দোলনকে সাময়িকভাবে স্থিমিত করতে পারলেও প্রকৃত পক্ষে তা বৃহত্তর আন্দোলনকে অনিবার্য করে থাকে। এটাই ইতিহাস-এটাই বাস্তবতা।

সাবেক সাংসদ বিএনপি নেতা ইলিয়াস আলী ও সাইফুল ইসলাম হিরু, ঢাকার নির্বাচিত কাউন্সিলর চৌধুরী আলম ও লাকসামের বিএনপি নেতা পারভেজএর মত শত শত বিরোধী দলীয় নেতা-কর্মীকে গুম করার পর এবার সাবেক মন্ত্রী ও বিএনপি’র অন্যতম যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে সরকারি বাহিনী বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গ্রেফতারের কথা অস্বীকার করছে।

ইলিয়াস আলী পালিয়ে গেছে কিংবা সালাহউদ্দিন আহমেদ নিজেই আত্মগোপন করেছেন এমন কাল্পনিক গল্প বলার পাশাপাশি সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে এসব ঘটনা নিয়ে কান্ডজ্ঞানহীন নিষ্ঠুর রসিকতা করা হচ্ছে। এতে দায়িত্ব পালনে সরকারের অমার্জনীয় ব্যর্থতার পাশাপাশি বিকৃত মানসিকতার প্রমাণ পেয়ে দেশবাসী ক্ষুব্ধ ও ক্ষুদ্ধ হয়ে উঠছে।

বিএনপির এই নেতা বলেন, নির্বাচনের মাধ্যমে দেয়া জনগণের রায় অগ্রাহ্য করার জন্য সরকার গাজীপুর, সিলেট ও রাজশাহীসহ অসংখ্য সিটি কর্পোরেশন/পৌরসভার নির্বাচিত মেয়র এবং উপজেলা চেয়ারম্যানদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আটক করে কিংবা গ্রেফতার ও রিমান্ডের নামে শারিরিক ও মানসিক নির্যাতন থেকে বাঁচার জন্য আত্মগোপনে থাকতে বাধ্য করে তাদের স্থলে দলীয় লোকদের বসানো শুরু করেছে।

এমন অপকৌশলের মাধ্যমে জনগণের সিদ্ধান্ত পাল্টে দেয়ার ফলে আজ সারা দেশের মানুষের কাছে এটা দিবালোকের মত স্পষ্ট হয়েছে যে বর্তমান ক্ষমতাসীন সরকার গণতন্ত্র মানেনা, গণরায়ের পরোয়া করেনা।

এমএইচ/এসএইচ