বিরোধী দলের নেতাকর্মীদের নামে ৯৮ হাজারোর বেশি মামলা দেয়া হয়েছেবলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এভাবেই তারা ১৯৭৫ সালে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল।”
আজ (০৬ মার্চ) বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি আয়োজিত মানববন্ধনে মির্জা ফখরুল এইসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, “দেশের বিরোধী দলের নেতাকর্মীদের নামে ৯৮ হাজারোর বেশি মামলা দেয়া হয়েছে, আসামির সংখ্যা ২৫ লক্ষের ওপরে। এই ভাবে তারা অবৈধভাবে টিকে থাকতে চাচ্ছে। এভাবেই তারা ১৯৭৫ সালে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। আজকে তারই আয়োজন তারা সম্পন্ন করেছে।”
তিনি বলেন, “কিন্তু তারা জনগণের কাছে ধরা পড়ে গেছে, বিশ্ববাসীর কাছে ধরা পড়ে গেছে। গত যে নির্বাচন তারা করেছে সেই নির্বাচনে কেউ ভোট দিতে পারেনি, আগের দিন রাতেই তারা ভোট ডাকাতি করেছে।”
মির্জা ফখরুল বলেন, সবার আগে আমাদের দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এজন্য আমাদের আইনি লড়াই চলছে। এটির পাশাপাশি রাজপথে দুর্বার আন্দোলন করে তাকে মুক্ত করতে হবে, আন্দোলন ছাড়া নেত্রীর মুক্তি হবে না।
খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে রেখেছে এই অবৈধ সরকার। সবগুলো মামলা জামিনযোগ্য হলেও শুধু সরকারের প্রতিহিংসার কারণে তাকে মুক্ত করা যাচ্ছে না। তিনি বলেন, সরকার খালেদা জিয়াকে ভয় পায় কারণ কারাগারে যাওয়ার পর তিনি গণতন্ত্রের মাতা হিসেবে আবির্ভূত হয়েছেন।
সিটি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, সিটি নির্বাচনে জনগণ ভোট দিতে যায়নি, কারণ এই সরকার ও নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা নেই, তারা নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে।
মানববন্ধনের আরও বক্তব্য দেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ,মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান সেলিমা রহমান, শামসুজ্জামান দুদু, এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান প্রমুখ।
এমবি





