সম্প্রতি লন্ডনে টাঙ্গাইল প্রবাসীদের এক অনুষ্ঠানে হজ, তাবলীগ জামায়াত এবং সজিব ওয়াজেদ জয়কে নিয়ে আওয়ামী লীগের উপদেষ্ঠামণ্ডলীর সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীর দেয়া বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে নিন্দার ঝড় বইছে।
দলমত নির্বিশেষ সবাই তার শাস্তি দাবি জানিয়ে স্ট্যাটাস দিচ্ছেন ফেসবুকে।
সায়েদ জিয়াউদ্দিন নামের একজন রিয়াদ প্রবাসী বাংলাদেশি লিখেছেন, বড় পরিতাপের বিষয়- শেখ হাসিনা দেশে বিদেশে ঘুরে পরিশ্রম করে বিন্দু বিন্দু অর্জন দিয়ে দেশের উন্নয়ন ও বিদেশিদের কাছে দেশের ভাবমূর্তি তুলে ধরতে সচেষ্ট আছেন আর আব্দুল লতিফদের মতো মাতাল-বাচাল অর্বাচিন ওই সব অর্জনকে ধূলিসাৎ করার কাজে নিয়োজিত।
তিনি বলেন, বেয়াদবটি, শুধু দেশের মানুষ বা হাজি সাহেবদের সঙ্গে নয় মহান আল্লাহ এবং ইসলাম নিয়েও অকাট্য বেয়াদবি করেছে।
মোল্লা লাভলু নামে একজন প্রবাসী তৃণমুল আওয়ামী লীগ কর্মী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, আবদুল লতিফ সিদ্দিকী স্যার, মিনতি করছি অবসর গ্রহণ করুন এবং আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের বিব্রতকর পরিস্থিতি থেকে রক্ষা করুন।
ফেসবুক স্ট্যাটাসে সায়েদ জিয়াউদ্দিন লিখেছেন, আজকাল অনেকেই প্রবাসীদের নিয়ে কটুক্তি করেন।এই ফাসেকটিও প্রবাসীদের ‘কামলা’ বলেছে। বলেছে, কামলাদের কামলার মতো থাকা দরকার, তারা রাজনীতি করবে কেন?
অনেকেই তার মন্ত্রিত্ব এবং দলীয় পদ থেকে অব্যাহতি দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানিয়েছেন। অনেকে আবার তার কঠোর শাস্তির দাবি করেছেন।
ডা. আরিফুর রহমান লিখেছেন, ‘আল্লাহু আকবার, লতিফ সিদ্দিকী এইমাত্র বোল্ড আউট হলেন, কোনো রান ছাড়া।’
মোহাম্মদ খোরশেদ আলম নামে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘লতিফ সিদ্দিকী, এখন আপনি কী করবেন ? দেশে ফিরবেন, না আমেরিকায় রিফিউজি হিসাবে বাকি জীবন কাটিয়ে দেবেন।’
মামুন হাওলাদার নামে একজন লিখেছেন,‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী করে যে এ ধরনের অবুঝ পোলাপাইন নিয়া আছেন তা তিনিই জানেন! তাদের আচরণ দেখে মনে হচ্ছে এই দেশটা হচ্ছে একটা শিশুপার্ক আর মন্ত্রী এমপিরা হলেন সবাই ছয় বছরের শিশু! যে যার মতন করে কথা বলেন, হই হুল্লোড় করেন আর আমরাই যেন তাদের হতভাগা অভিভাবক নিরবে সন্তানদের ফাজলামি দেখে যাচ্ছি।
ঢাকা, ১ অক্টোবর, টাইমনিউজবিডি.কম, জেএ





