বাংলা ইংরেজীর পর এবার জাপানি ভাষায় প্রকাশিত হয়েছে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’। জাপানের নামকরা প্রকাশনী ‘দ্য আশাহি এ শোতেন’ বইটি প্রকাশ করেছে।

বাংলাদেশের আবির্ভাবের পটভূমি তৈরি করে দেওয়া ভারত বিভাগ থেকে শুরু করে পঞ্চাশ ও ষাটের দশকের সূচনালগ্নে পাকিস্তানের রাজনীতির নানা রকম ঘটনা ও সেই সময়ের শাসকগোষ্ঠীর কূটচালের সবচেয়ে বস্তুনিষ্ঠ যে ইতিহাস বঙ্গবন্ধু রচনা করে গেছেন, তাঁর সহজ ভাষা ও অলংকারবর্জিত বর্ণনার মধ্য দিয়ে তা এখন জাপানি পাঠকদের সামনে উপস্থিত করছে জাপানের নেতৃস্থানীয় শিক্ষা ও গবেষণামূলক বইয়ের প্রকাশনা সংস্থা আকাশি শোতেন।

দ্য আশাহি শোতেনের প্রধান নির্বাহীর মতে, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ জাপানি ভাষায় অনূদিত হওয়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও চিন্তা এবং বাংলাদেশের মানুষ সম্পর্কে বুঝতে জাপানিদের সুবিধা হবে। এতে দু’দেশের সম্পর্ক আরো গভীর হবে।

শনিবার (০১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে-এর বাংলা বিভাগের প্রধান প্রোগ্রাম পরিচালক কাজুহিরো ওয়াতানেবে। তিনি নিজে বইটির অনুবাদক।

বইটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করতে শুক্রবার (৩১ জুলাই) ঢাকায় পৌঁছেছেন ওয়াতানেবে। রোববার (০২ আগস্ট) প্রধানমন্ত্রী কার্যালয়ে শেখ হাসিনার কাছে বইটি হস্তান্তর করা হয়।

এর আগে রোববার বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার এবং সিপিএ নির্বাহী কমিটি’র চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে তার সংসদ ভবনস্থ কার্যালয়ে সাক্ষাৎ করেন বইটির অনুবাদক কাজুহিরো ওয়াতানাবে । এসময় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

ইআর