প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আমি রাজাকার ছিলাম,এ কথা পৃথিবীর কেউ বলতে পারবে না। ‘বিএনপি নেত্রীর ছেলে লন্ডন থেকে এ কথা আবিষ্কার করলেন।’
শনিবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা-বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘এদের লক্ষ্য দেশে হানাহানি,কাটাকাটির পরিবেশ সৃষ্টি করে আন্দোলনের সুযোগ তৈরি করা।’ কিন্তু আওয়ামী লীগ সরকার কাউকে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে দেবে না।
সম্প্রতি লন্ডনে এক মতবিনিময় সভায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেন,‘ফরিদপুরের রাজাকার পরিবারে শেখ হাসিনা নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন।’
তারেক রহমানের এ বক্তব্য শুনে কেউ কেউ ১০০ কোটি টাকার মানহানির মামলা করার পরামর্শ দিয়েছেন জানিয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, এসব বক্তব্য দেশকে অস্থিতিশীল করার লক্ষ্য নিয়ে সুদূরপ্রসারী ষড়যন্ত্রের ফসল হিসেবে করা হচ্ছে।
প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন,ফরিদপুরের বিভিন্ন হাটবাজারের বণিক সমিতিতে বছরের পর বছর পদ আঁকড়ে আছে, তারা চাঁদাবাজ। মেয়াদোত্তীর্ণ এসব বাজার বণিক সমিতির কমিটি ভেঙে গণতান্ত্রিক পন্থায় নির্বাচনের ব্যবস্থা করার জন্য তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, দেশের পরিস্থিতি ভালো রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর শাপাশি নির্বাচিত জনপ্রতিনিধিদেরও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
ফরিদপুরের জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সাংসদ মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী,পুলিশ সুপার জামিল হাসান,সিভিল সার্জন সিরাজুল হক তালুকদার,ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী,নগরকান্দা উপজেলার চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান প্রমুখ।
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]