সংবাদপত্রের স্বাধীনতা হরণের কালো দিবসে বন্ধ গণমাধ্যম খুলে দেয়ার আহবান জানিয়েছেন  বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডাঃ শফিকুর রহমান।

সোমবার এক বিবৃতিতে তিনি এ আহবান জানান।

জামায়াত সেক্রেটারি বলেন,  ১৬ জুন সংবাদপত্রের স্বাধীনতা হরণের কালো দিবস। ১৯৭৫ সালে তৎকালীন বাকশালী সরকার দৈনিক বাংলা, বাংলাদেশ টাইমস, ইত্তেফাক ও বাংলাদেশ অবজারভার-এ চারটি সংবাদপত্র সরকারী মালিকানায় চালু রেখে বাকী সকল সংবাদপত্রের প্রকাশনা বাতিল করে দিয়ে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছিল।

তিনি বলেন, বাকশাল গঠন করে দেশে একদলীয় শাসন কায়েম করে দেশ থেকে গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হয়েছিল। ৪টি সংবাদপত্র সরকারী মালিকানায় চালু রেখে বাকী সকল সংবাদপত্র বন্ধ করে দেয়া হয়েছিল। ফলে হাজার হাজার সাংবাদিক, কর্মচারী ও কর্মকৌশলী বেকার হয়ে পড়েছিল। বেকারত্বের অভিশাপ মাথায় নিয়ে সাংবাদিক-কর্মচারী ও কর্মকৌশলীগণ পরিবার-পরিজন নিয়ে অনাহারে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছিল।

তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকেই সংবাদপত্র ও মিডিয়ার উপর দমন-নিপীড়ন অব্যাহত রেখেছে। তারই ফলশ্রুতিতে দৈনিক আমার দেশ, চ্যানেল ওয়ান, দিগন্ত টেলিভিশন ও ইসলামিক টিভির সম্প্রচারসহ কিছু সংবাদপত্র ও মিডিয়ার প্রকাশনা বেআইনীভাবে বন্ধ করে রাখা হয়েছে। এ সব গণবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে সরকারের কুৎসিত চেহারাই অত্যন্ত স্পষ্টভাবে ফুটে উঠেছে।

মিডিয়ার ওপর দমননীতি বন্ধ করে দিগন্ত টিভি, ইসলামিক টিভি, চ্যানেল ওয়ানের সম্প্রচার এবং আমার দেশ পত্রিকার প্রকাশনার উপর আরোপিত নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারে সরকারের প্রতি  আহবান জানান  ডা. শফিকুর রহমান।

ঢাকা, ১৬ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই