রাজধানীর পুরান ঢাকা এবং মিরপুরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। বিদ্যুতের মূল্য বাড়ানোর প্রতিবাদে তারা এ বিক্ষোভ মিছিল করেন।
রবিবার সকাল পৌনে ৯টার দিকে এ বিক্ষোভ মিছিল করেন।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী সহকারী সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পুরান ঢাকার নবাবপুর থেকে শুরু হয়ে গুলিস্তানে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘ব্যর্থ ও জুলুমবাজ সরকার নিজেদের লুটপাটকে নির্বিঘ্ন করতেই সম্পূর্ণ অযৌক্তিকভাবে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে। অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার না করলে জনগণ সরকারের অবৈধ সিদ্ধান্তের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলবে।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য আব্দুস সবুর ফকির ও অধ্যাপক মোকাররম হোসাইন খান, শিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি রাশেদুল হাসান রানা, পূর্বের সভাপতি রেজাউল হক রিয়াজ, জগন্নথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি খালিদ হাসান, ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুস শাহীদ প্রমুখ।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মোবারক হোসাইনের নেতৃত্বে মিরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জামায়াতের ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসাইন, ঢাকা মহানগরীর মজলিশে শূরা সদস্য মাহফুজুর রহমান, আব্দুল্লাহ আল মাহমুদ, শেখ শরীফ উদ্দীন আহমদ, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত আমির ডা. শফিউর রহমান প্রমুখ।
ঢাকা,১৬মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ