সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে ভোটারদের ভয়-ভীতি দেখিয়ে অবশিষ্ট উপজেলা নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নেয়ার জন্য আওয়ামী লীগ সন্ত্রাস সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে জামায়াত।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ অভিযোগ করেন।
বিবৃতিতে তিনি বলেন, সরকারী দলের প্রার্থীরা স্থানীয় প্রশাসনকে অন্যায়ভাবে ব্যবহার করে ১৯ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর জোরজুলুম চালিয়ে অবশিষ্ট উপজেলা নির্বাচনে বিজয়ী হওয়ার চেষ্টা করছে। প্রশাসন ও নির্বাচন কমিশন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রক্ষা করার পরিবর্তে সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে।
ডা. শফিক বলেন, মঙ্গলবার বাউফল উপজেলার নওমালা ইউপি জামায়াতের আমীর মাওলানা মো: ইউনুস বিশ্বাসকে পুলিশ  গ্রেফতার করেছে এবং দুপুরে  উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসহাক কয়েকজন কর্মীসহ নির্বাচনী কাজ করতে বের হলে আ'লীগ সন্ত্রাসীরা তাদেরকে লাঞ্ছিত করে।
অবশিষ্ট উপজেলা নির্বাচনে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে নির্বাচন কমিশন ও প্রশাসন তাদের নিরপেক্ষতার প্রমাণ রাখবেন বলেও  আশা করেন ডা. শফিকুর রহমান।
[b]ঢাকা. ১৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]