বাংলাদেশের সমাজতাস্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান বলেছেন,দেশবাসী চরমভাবে আতঙ্কিত। কিন্তু সরকারের অপদার্থতা ও নিষ্ক্রিয়তার কারণে গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বেড়েই চলেছে।  
শুক্রবার বিকালে নারায়ণগঞ্জসহ সারাদেশে অব্যাহত গুম-খুন ও অপহরণের প্রতিবাদে বাম মোর্চার উদ্যোগে আয়োজিত জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে কমরেড খালেকুজ্জামান সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নোয়াখালীতে সিপিবি’র নেতাকে গলা কেটে নির্মমভাবে খুন করা হয়েছে। নারায়ণগঞ্জে ৭ জনকে অপহরণ করে নির্মমভাবে খুন করার ঘটনার পর আবারও নারায়ণগঞ্জে অপহরণের ঘটনা ঘটেছে।
এরআগে নারায়ণগঞ্জে শিশু ত্বকীকে নির্মমভাবে হত্যা করা হলেও, আজ পর্যন্ত সে হত্যাকাণ্ডের বিচার হয়নি। প্রকৃতপক্ষে কোন ঘটনারই সুষ্ঠু তদন্ত, বিচার হচ্ছে না। বিচারহীনতার কারণেই অপরাধীরা একের পর এক সংগঠিত হত্যাকাণ্ড  করতে পারছে।
তিনি বলেন, অরাজক পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়ে জামাত-শিবির চক্র নতুন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে হাত-পায়ের রগ কাটাসহ সন্ত্রাসী কর্মকা- পরিচালনা করছে।
সমাবেশে অন্য নেতৃবৃন্দ বলেছেন, সরকার জনগণের নিরাপত্তা দিতে পারছে না। অপহরণ-গুমের ঘটনায় বিভিন্ন সরকারি বাহিনী ও সংস্থার সম্পৃক্ততার অভিযোগ উঠলেও, সরকার এ ব্যাপারে রহস্যজনক নিরবতা পালন করছে।
সমাবেশ থেকে নেতৃবৃন্দ গুম-অপহরণের প্রতিবাদে আগামী ৪ মে নারায়ণগঞ্জে জেলা আইনজীবী সমিতি আহূত হরতালের প্রতি সিপিবি-বাসদ-এর পক্ষ থেকে সমর্থন জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরানা পল্টনে এসে শেষ হয়।
সমাবেশে আরও বক্তব্য রাখেন সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য শামছুজ্জামান সেলিম, বাসদ-এর কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ, সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন, বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন প্রমুখ।
[b]ঢাকা, এইচ এম // ২ মে (টাইমনিউজবিডি.কম) জেআই[/b]