প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নৌকায় ভোট চেয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে প্রধানমন্ত্রী ভোটাধিকার কেড়ে নিয়ে ভোট চেয়ে জনগণের সঙ্গে ইয়ার্কি-তামাশা করছেন বলে মন্তব্য করেন তিনি।

আজ সোমবার বেলা ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘আপনারা দেখেছেন গত দুদিন আগে গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দুটি নির্বাচনই দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে। ফলে প্রধানমন্ত্রী বাংলাদেশের যে প্রান্তেই নৌকার পক্ষে ভোট চান না কেন তা ঘোষিত তফসিলের মধ্যে পড়ে। এবং সেটা নির্বাচনী আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। প্রধানমন্ত্রী যেহেতু বিনা ভোটের প্রধানমন্ত্রী আইন-শৃঙ্খলাবাহিনীর বন্দুকের নলই হচ্ছে তাঁর ক্ষমতার ভিত্তি, তাই তিনি সবকিছুই করতে চাচ্ছেন হুংকার আর ধমক দিয়ে। সকল আইন, নিয়ম নীতি ভেঙে নৌকার পক্ষে প্রচার চালাচ্ছেন।'

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা আরও বলেন, ‘আপনি বলেছেন ভোট চাওয়া আপনার রাজনৈতিক অধিকার তাহলে দলের সভানেত্রী হিসেবে ভোট না চেয়ে প্রধানমন্ত্রী হিসেবে ভোট চাচ্ছেন কেন ? প্রধানমন্ত্রী হিসেবে, সরকারি টাকা খরচ করে, সরকারি হেলিকপ্টার নিয়ে, সরকারি সার্কিট হাউস ব্যবহার করে এবং গন্তব্যস্থলে সরকারি গাড়ি ব্যবহার করে, সরকারি সকল প্রটোকল নিয়ে ভোট চাওয়া কোন ধরনের রাজনৈতিক অধিকার জনগণ তা জানতে চায়। এটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের, কিন্তু ক্ষমতাসীনদের নির্বাচনী আইন ভঙ্গের ব্যাপারে নির্বাচন কমিশন ‘রিপভ্যান উইংকেল’ এর মতো দীর্ঘ নিদ্রায় শায়িত থাকে। যে প্রধানমন্ত্রী মানুষের ভোটাধিকার কেড়ে নেয় তাঁর মুখে ভোট চাওয়া জনগণের সাথে ইয়ার্কি-তামাশা ছাড়া আর কিছুই নয়।’