বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ‘ক্ষমতাসীন ফ্যাসিস্ট সরকারের পতন কখনো গণতান্ত্রিক পন্থায় হবে না, পালিয়ে যাওয়ার মাধ্যমে এ দেশ থেকে তাদের পতন ঘটবে।’ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঘুরে দাঁড়াও বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের মিথ্যা মামলা দিয়ে কারাগারে দিচ্ছেন। এদের বেশিদিন কারাগারে আটক করে রাখতে পারবেন না। কারাগার তো রাজনীতিবিদদের জন্য। জনগণ তাদের ছাড়িয়ে আনবে। আজ যারা মিথ্যা মামলা দিয়ে গুম-গ্রেপ্তার করছেন একদিন তাদের ঠিকানা হবে কারাগার।’ খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের দেয়া চার্জশীটের প্রসঙ্গে নোমান বলেন, ‘মিথ্যা মামলা দিয়ে ওয়ারেন্টের কার্যক্রম একদিন শেষ হবে। যারা মিথ্যা ওয়ারেন্ট দিয়ে জনগণের মনে খালেদা জিয়া সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন তারা কোনোদিন সফল হবে না। পুলিশ কখনো জনতার রোষ থামাতে পারে না। যত দিন যাচ্ছে এই সরকারের নোংরা রাজনীতি সম্পর্কে জনগণ ততই স্পষ্ট ধারণা লাভ করছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
আব্দুল্লাহ আল নোমান আরো বলেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিক নেতৃত্ব দিতে ব্যর্থ হয়ে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে ইতিহাস থেকে মুছে ফেলার ষড়যন্ত্র করছে। রাজনৈতিক উচ্চাভিলাষের জন্য নয় তৎকালীন সংকট মোকাবিলায় জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।’
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভাটির আয়োজন করা হয়। ঘুরে দাঁড়াও বাংলাদেশ’র সভাপতি কাদের সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক এ্যাড. আব্দুস সালাম, স্বাধীনতা ফোরামের সভাপিত আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, বগুড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি এ্যাড. রাফি পান্না, এনডিপি’র প্রেসিডিয়াম সদস্য মোঃ মঞ্জুর হোসেন ঈসা, কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাজাহান মিয়া সম্রাট, শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সাবকে কমিশনার ফরিদ উদ্দিন আহমেদ, বগুড়া জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক ভিপি ওয়াহিদ মুরাদ, সাবেক ছাত্রনেতা কাজী মনিরুজ্জামান মনির, এম. জাহাঙ্গীর আলম, যুবনেতা আহসান উল্লাহ তুষার, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, মোঃ মোফাজ্জল হোসেন, রাশেদুল বারি, নুরুজ্জামান সর্দার, মোঃ শফিকুল ইসলাম, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আয়হান, ইব্রাহিম মোল্লা সহ প্রমুখ।
ইআর/এআই





