হাইকোর্টের সামনে স্থাপিত ‘গ্রীক ভাস্কর্য’ সরানোর ব্যাপারে প্রধান মন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান।

আজ বুধবার সংবাদপত্রে পাঠানো এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান।

খালেকুজ্জামান বলেন, ভোটের স্বার্থে মৌলবাদীদের তোয়াজ করার এই নীতি দেশের গণতান্ত্রিক মুল্যবোধ ধ্বংস করবে। এটা সবাই জানে, ভাস্কর্য এবং মুর্তি পূজা এক নয়। প্রথমে আওয়ামী ওলামা লীগ তারপর হেফাজতে ইসলাম এবং কওমী মাদ্রাসাকে মাঠে নামিয়ে যে পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে তা মূলত: সাম্প্রদায়িক উন্মাদনাকে পরিপুষ্ট করবে। একদিকে মুক্তিযুদ্ধের কথা অন্যদিকে ধর্মের রাজনীতিকে পৃষ্ঠপোষকতা করার পরিণতি সমাজের দীর্ঘদিনের ধর্মীয় সহনশীলতার পরিবেশকে নষ্ট করবে।

তিনি ভোট ও গদির স্বার্থে এই সর্বনাশা পথ অনুসরন না করার জন্য সরকারের প্রতি আহবান জানান। একই সাথে সরকারের এই ধরনের ধর্মীয় সাম্প্রদায়িক শক্তিকে পৃষ্ঠপোষকতার বিরুদ্ধে দেশের জনগণকে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

খাজা/এমবি