বিরোধী মতের বিশ্বাসী মানুষেরা আজকে সত্য কথা বলার জায়গা পায় না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি আরও বলেন, রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করা ছাড়া উপায় নেই। শেখ হাসিনার আমলেই মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা হবে, কারণ তিনি সত্য কথা বলেন।
দৈনিক আমার দেশ পত্রিকা চালু ও এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে ‘হয়রানিমূলক’ মামলা তুলে নেওয়ার দাবিতে আয়োজিত মানববন্ধনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। আজ (শুক্রবার) জাতীয় প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধনের আয়োজন করা হয়।
রুহুল কবির রিজভী বলেন, “গায়ের জোরে মিথ্যাচার করছে আওয়ামী লীগ। আর এই প্রতিষ্ঠানের প্রধান হচ্ছেন শেখ হাসিনা। অসত্য মামলায় বেগম জিয়াকে হাজিরা দিতে হচ্ছে। প্রধানমন্ত্রীর সব অন্যায় লিখিত আকারে জমা আছে। এর জবাব দেওয়া হবে।”
দৈনিক আমার দেশ পরিবার ওই মানববন্ধনের আয়োজন করে। জাতীয় প্রসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদের সভাপতিত্বে মানববন্ধনে সাংবাদিক নেতা শওকত মাহমুদ, এম আব্দুল্লাহ, এম এ আজিজ, জাহিদ চৌধুরী, কবি আবদুল হাই শিকদার, কাদের গণি চৌধুরী, শহীদুল ইসলাম, বিএনপি নেতা শামীমুর রহমান শামীম প্রমুখ বক্তব্য রাখেন।
মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা মামলাগুলোকে একেবারেই ভিত্তিহীন বলে জানান বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম আবদুল্লাহ।
তিনি বলেন, “মাহমুদুর রহমানের বিরুদ্ধে ৮৪টি মামলা ছিল। গত দুই সপ্তাহে তাঁর বিরুদ্ধে আরও প্রায় ৩০টি মামলা হয়েছে। প্রতিদিন চার-পাঁচটি করে সারা দেশে মামলা হচ্ছে। কী অভিযোগ তাঁর বিরুদ্ধে?
অভিযোগ হচ্ছে তিনি প্রধানমন্ত্রী ও তাঁর পরিবার নিয়ে বক্তব্য দিয়েছেন। ওই বক্তব্য, জাতীয় প্রেসক্লাবে যারা ছিলেন তাঁরা শুনেছেন। তিনি যে বক্তব্য দিয়েছেন, তা অত্যন্ত তথ্যনির্ভর বক্তব্য, বস্তুনিষ্ঠ।”
এমবি





